নাশকতা ঠেকাতে...
বগুড়ার ধুনটে নাশকতা রোধের লক্ষ্যে সেতু ও কালভার্ট এলাকায় গ্রামপুলিশ মোতায়েন ও কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিরোধী দলের অবরোধের নামে নাশকতা ঠেকাতে গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদে আইনশৃঙ্খলা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উপজেলা পরিষদ সূত্র জানায়, গত শুক্রবার দুপুরে ধুনট-শেরপুর রোডে হুকুম আলী এলাকায় অবরোধকারীরা পুলিশের ওপর হামলার অভিযোগে উপজেলা বিএনপির আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল আলম এবং উপজেলা জামায়াতের আমির ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলামসহ বিএনপি-জামায়াতের ৮৬ জন নেতা-কর্মীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। এ ঘটনায় পুলিশ তাঁদের নয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। মামলার পর থেকেই পুলিশ অন্যদের গ্রেপ্তার করতে এলাকায় অভিযান চালাচ্ছে। পুলিশের ভয়ে আসামিরা পলাতক থেকে বিভিন্ন স্থানে চোরাগোপ্তা হামলা চালিয়ে ভাঙচুর ও নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। এ নাশকতা ঠেকাতে বুধবার বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমানের সভাপতিত্বে জরুরি আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি টি আই এম নুরুন্নবী তারিক প্রমুখ। এ সভা থেকে প্রতিটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সভাপতি করে আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাত সদস্যবিশিষ্ট কমিটি করে নাশকতা মোকাবিলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে সেতু ও কালভার্ট এলাকায় চারজন করে গ্রামপুলিশ মোতায়েন করার সিদ্ধান্ত হয়েছে।
তৌহিদুল আলম বলেন, পুলিশ মিথ্যা মামলা করে নেতা-কর্মীদের গ্রেপ্তার ও হয়রানি করছে। তিনি দাবি করেন, পুলিশের গুলিতে বিএনপির তিন নেতাসহ ২০ জন আহত হয়েছেন। এ কারণে এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে চোরাগোপ্তা হামলা করছে। এ ঘটনার সঙ্গে তাঁদের নেতা-কর্মীর কোনো সম্পর্ক নেই।
ওসি জিয়াউর রহমান বলেন, সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে বিএনপি-জামায়াতের ৮৬ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাঁরা গ্রেপ্তার এড়াতে বিভিন্ন রাস্তায় চোরাগোপ্তা হামলা করে ভাঙচুর ও নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান বলেন, নাশকতার ঘটনা ঘটার আগেই পুলিশকে দ্রুত খবর দেওয়ার জন্য প্রতিটি ইউনিয়নে চেয়ারম্যানের নেতৃত্বে কমিটি গঠন করা হবে। এ ছাড়া অতিরিক্ত নজরদারির জন্য সেতু ও কালভার্টগুলোতে গ্রামপুলিশ মোতায়েন করা হয়েছে।