নাশকতা ঠেকাতে আদিবাসী পল্লিতে রাত জেগে পাহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতা ঠেকাতে নওগাঁর ধামইরহাট উপজেলার আদিবাসী পল্লিগুলোতে রাত জেগে পাহারা দিচ্ছে কিশোর, তরুণ ও বয়স্করা। এ কাজে প্রশাসন ও অন্য সব ধর্মের মানুষও তাঁদের সহায়তা দিচ্ছেন।
জানা গেছে, দশম জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে সারা দেশের মতো নওগাঁর ধামইরহাট উপজেলার বেশ কয়েকটি আদিবাসী ও হিন্দু পরিবারের খড়ের গাদা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। উপজেলার মঙ্গলবাড়ী ও গোয়ালপাড়া দুটি গ্রামের দুই হিন্দু পরিবারের বাড়িতে ৭ জানুয়ারি ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতেরা ওই দুটি বাড়ি থেকে আট ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। ১০ জানুয়ারি উপজেলার জগদল ও জগৎনগর এলাকার আদিবাসীদের নয়টি খড়ের গাদায় অগ্নিসংযোগ করা হয়।
এসব ঘটনার পর প্রশাসনের ঊধ্বর্তন কর্মকর্তারা এলাকায় এসে প্রতিটি গ্রাম ও মহল্লায় রাতে পাহারা দেওয়ার ব্যবস্থা করার জন্য জনগণকে উদ্বুদ্ধ করেন। উপজেলার তালঝারী, জগদল, বেনীদুয়ার, মঙ্গলবাড়ী ও গোয়ালপাড়া এলাকার আদিবাসী ও হিন্দু পরিবারের সদস্যরা দল বেঁধে প্রচণ্ড শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে রাত নয়টা থেকে ভোর পর্যন্ত পর্যায়ক্রমে পাহারা দিচ্ছেন।
তালঝারী গ্রামের নিতাই চন্দ্র শীল, দীনেশ চন্দ্র শীল ও জিল্লু মার্ডি জানায়, নিজেদের প্রাণ ও সম্পদ রক্ষায় তাঁরা রাত জেগে পাহারা দিচ্ছেন। পুলিশ, আনসার, চৌকিদার ও অন্য ধর্মের বাসিন্দারা নিয়মিত তাদের খোঁজখবর নিচ্ছেন ও সহযোগিতা করছেন।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একরামুল হক বলেন, এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে গ্রামবাসীকে নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়মিত টহল দিচ্ছেন। এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।