অবরোধের মধ্যে দূরপাল্লার গাড়ি চালাতে পরিবহন মালিক ও শ্রমিকদের সব ধরনের নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে। চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজার মহাসড়কে নাশকতা ঠেকাতে র্যাব, পুলিশ ও বিজিবি সমন্বিতভাবে কাজ করছে। তিনটি সংস্থার পক্ষ থেকে মহাসড়কে সার্বক্ষণিক গাড়ি চলাচল পর্যবেক্ষণ করা হবে।
গতকাল বৃহস্পতিবার পরিবহন মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. আবদুল জলিল মণ্ডল এ কথা বলেন। নগর, জেলা ও হাইওয়ে পুলিশ, র্যাব ও বিজিবি এবং মালিক-শ্রমিকদের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।
সভায় পরিবহন মালিক ও শ্রমিক প্রতিনিধিরা বলেন, সড়কে গাড়ি বের করতে চাইলেও নিরাপত্তা নিয়ে আতঙ্কে থাকতে হয় তাঁদের। ২০১৩ সালে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের সীতাকুণ্ড এলাকায় ব্যাপকহারে গাড়ি পোড়ানো ও ভাঙচুরের বিষয়টি তুলে ধরেন মালিকেরা। ওই ঘটনায় সরকারের পক্ষ থেকে তাঁদের ক্ষতিপূরণ দেওয়া হয়নি বলে জানান।
সভা শেষে নগর পুলিশ কমিশনার সাংবাদিকদের বলেন, চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজার মহাসড়কে ভাঙচুর, অগ্নিসংযোগসহ নাশকতার ঘটনা যাতে না ঘটে সে জন্য সর্বোচ্চ নিরাপত্তা দেবে পুলিশ।
সভায় উপস্থিত ছিলেন নগর পুলিশের অতিরিক্তি কমিশনার বনজ কুমার মজুমদার ও এ কে এম শহীদুর রহমান, বিজিবির উপ-অধিনায়ক মেজর তানভীর মাহমুদ, অতিরিক্ত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, আন্তজেলা বাস মালিক সমিতির সভাপতি কফিল উদ্দিন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চলের সভাপতি মৃণাল চৌধুরী প্রমুখ।