নাশকতা ঠেকাতে বিশেষ সতর্কতায় পশ্চিমাঞ্চল রেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ ও দুর্গাপূজাকে ঘিরে পশ্চিমাঞ্চল রেলওয়েতে সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। ট্রেনে তল্লাশিসহ স্টেশন ও রেলওয়ে স্থাপনা দেখভালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে। ১ অক্টোবর থেকে বিশেষ সতর্কতা হিসেবে রেড অ্যালার্ট জারি করেছে সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ (জিআরপি)।

জিআরপি সূত্র জানায়, পশ্চিমাঞ্চল রেলওয়েতে সৈয়দপুর রেলওয়ে জেলার অধীনে রয়েছে ১২টি থানা ও ১৬টি পুলিশ ফাঁড়ি। এর মধ্যে সৈয়দপুর সদর, দিনাজপুর, পার্বতীপুর, লালমনিরহাট, বোনারপাড়া, সান্তাহার, ঈশ্বরদী, সিরাজগঞ্জ, রাজশাহী, রাজবাড়ী, পোড়াদহ ও খুলনা থানা ও ফাঁড়িতে তথ্যকেন্দ্র খোলা হয়েছে। এখানে প্রচারপত্র বিলি করে সব রকম নাশকতা ঠেকাতে রেলওয়ে পুলিশ সতর্ক দৃষ্টি রাখছে বলে জানানো হয়েছে।

রেল পুলিশের একটি সূত্র জানায়, ঈদ ও পূজায় ট্রেনে ঘরমুখো মানুষের ওপর জঙ্গিগোষ্ঠী নাশকতা ঘটাতে পারে। এ ছাড়া রয়েছে পকেটমার, ছিনতাইকারী ও মলম পার্টির অপতৎপরতা। এসব বিষয় মাথায় রেখে রেলওয়ে পুলিশ সতর্ক অবস্থানে থাকবে।

সৈয়দপুর রেলওয়ের জেলা পুলিশ জানায়, আগামী ১ অক্টোবর থেকে রেলে সর্বোচ্চ সতর্কতা জারি করা হচ্ছে। ওই সময় রেলওয়ে পুলিশের সব সদস্যের ছুটি বাতিল করা হয়েছে। যাত্রীসেবায় ৫৫৭ সদস্যের পুলিশ দল কাজ করবে। তাদের সহায়তা দেবে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) ব্যাটালিয়ন আনসার ও জেলা পুলিশ। সেই সঙ্গে রেলওয়ে স্টেশন এলাকায় যেসব পূজামণ্ডপ রয়েছে সেগুলোরও নিরাপত্তা দেওয়া হবে।

সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ সুপার (এসপি) তাঞ্জিলুর রহমান প্রথম আলোকে বলেন, বিভিন্ন থানায় ৫০টি মেটাল ডিটেক্টর পাঠানো হয়েছে। এর মাধ্যমে কেউ বিস্ফোরক বহন করছে কি না, তা শনাক্ত করা যাবে। কোনো আগ্নেয়াস্ত্র বহন করলেও তা ধরা পড়বে।