নাশকতা ঠেকাতে মাঠে ও বাইরে ২০ সিসি ক্যামেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট জেলা স্টেডিয়ামে বসানো হয়েছে সিসি ক্যামেরা। স্টেডিয়ামের ভেতরে ও বাইরে এ রকম ২০টি ক্যামেরা বসানো হয়েছে l ছবি: প্রথম আলো
সিলেট জেলা স্টেডিয়ামে বসানো হয়েছে সিসি ক্যামেরা। স্টেডিয়ামের ভেতরে ও বাইরে এ রকম ২০টি ক্যামেরা বসানো হয়েছে l ছবি: প্রথম আলো

২০-দলীয় জোটের টানা অবরোধ কর্মসূচির মধ্যে আজ বৃহস্পতিবার সিলেট জেলা স্টেডিয়ামে শুরু হচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট। খেলার মাঠে ও বাইরের বাড়তি নিরাপত্তাব্যবস্থায় সিলেট মহানগর পুলিশ (এসএমপি) ২০টি সিসি (ক্লোজড সার্কিট) ক্যামেরা স্থাপন করেছে।
গতকাল বুধবার সকালে সিসি ক্যামেরা স্থাপনের কাজ শেষ হলে দুপুরে পরীক্ষামূলকভাবে চালুও করা হয়। এ সময় মহানগর পুলিশের পদস্থ কর্মকর্তা, সিসি ক্যামেরা স্থাপনকারী প্রতিষ্ঠানসহ সিলেট ফুটবল অ্যাসোসিয়েশনের নেতারা উপস্থিত ছিলেন।
মহানগর পুলিশ জানায়, অবরোধে খেলার মাঠে ও বাইরে যেকোনো ধরনের নাশকতার চেষ্টা হলে সিসি ক্যামেরার মাধ্যমে আগেই নজরদারি করে তা ঠেকানোর চেষ্টা করা হবে। দর্শক গ্যালারি ও প্রধান ফটকসহ স্টেডিয়ামের অন্যান্য ফটক ও টিকিট কাউন্টারে সিসি ক্যামেরা বসানো হয়েছে। ক্যামেরাগুলো স্থাপনে কারিগরি সহায়তা দিয়েছে গ্লোবাল ট্রেড করপোরেশন।
সিসি ক্যামেরার কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেছেন মহানগর পুলিশ কমিশনার কামরুল আহসান, সহকারী পুলিশ কমিশনার নুরুল হুদা আশরাফী (সিটি স্পেশাল ব্রাঞ্চ) ও সিলেট ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মহিউদ্দিন আহম্মদ সেলিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
গ্লোবাল ট্রেড করপোরেশনের প্রধান নির্বাহী মছনুল করিম জানান, উন্নত প্রযুক্তির এই ক্যামেরা খেলার মাঠ ছাড়াও আশপাশের প্রায় অধা কিলোমিটার এলাকা ধারণ করবে। দিন ছাড়াও রাতের অন্ধকারেও যাতায়াতকারীদের শনাক্ত ও কোনো যানবাহন থাকলে সেগুলোর রেজিস্ট্রেশন নম্বরও শনাক্ত করতে পারবে এসব ক্যামেরা। ২৪ ঘণ্টার ভিডিও ফুটেজ ক্যামেরায় ধারণ করা যাবে।
অবরোধের মধ্যে খেলা হলেও সার্বিক নিরাপত্তাব্যবস্থায় উৎসবে কোনো ভাটা পড়বে না বলে জানান মহানগর পুলিশ কমিশনার। তিনি বলেন, দর্শক গ্যালারির শান্তিপূর্ণ অবস্থান নিশ্চিত করা ছাড়াও ছোটখাটো চুরি, ছিনতাইসহ নাশকতার চেষ্টা হলেই ক্যামেরার মাধ্যমে চিহ্নিত করে তা তাৎক্ষণিক প্রতিকারের ব্যবস্থা নেওয়া হবে।
সিলেট ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মহিউদ্দিন আহম্মদ বলেন, ‘ফুটবল আমাদের প্রাণের খেলা। সিসি ক্যামেরা স্থাপনের ফলে স্টেডিয়াম এলাকায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো সহজ হবে। দর্শকেরাও নিরাপত্তার সঙ্গে খেলা উপভোগ করতে পারবে। এ জন্য আমরা মহানগর পুলিশকে ধন্যবাদ জানাই।’