নাশকতা ঠেকাতে রাত জেগে পাহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম জাতীয় সংসদ নির্বাচনের আগের রাত থেকে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় সংখ্যালঘু-অধ্যুষিত গ্রামগুলোতে খড়ের পালা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। গত শনিবার পর্যন্ত ছয়টি সংখ্যালঘু পরিবারের ১৩টি খড়ের পালায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
আতঙ্ক সৃষ্টির জন্য একটি মহল ওই অপতৎপরতা চালাচ্ছে বলে পুলিশ জানিয়েছে। ঘর ও সম্পদ রক্ষার জন্য সংখ্যালঘুরা পালাক্রমে রাত জেগে গ্রাম পাহারা দিচ্ছেন।
ফুলবাড়ী ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোটের আগের রাত থেকে শনিবার পর্যন্ত প্রতিদিনই খড়ের পালায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে আলাদীপুর ইউনিয়নের বারাই আদিবাসীপাড়া গ্রামের বাবলু মুর্মুর দুটি খড়ের পালায় দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। গত বৃহস্পতিবার রাতে ভারতীয় সীমান্ত লাগোয়া গঙ্গাদাসপুর গ্রামের অজিত সরকারের বাড়ির সামনে ছয়টি খড়ের পালায় আগুন দেওয়া হয়। ওই ঘটনার দুই দিন আগে সোমবার রাতে শিবনগর ইউনিয়নের মাছুয়াপাড়া গ্রামে বিনোদ চন্দ্র, কেদার চন্দ্র ও নিরোধ চন্দ্রের পাঁচটি খড়ের পালায় আগুন দেওয়া হয়। ভোটের পরদিন আলাদীপুর ইউনিয়নের কানাহার বৈরাগীপাড়ার বিনয় চন্দ্রের একটি খড়ের পালায় দুর্বৃত্তরা আগুন দেয়।
ফুলবাড়ী পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক অমর চাঁদ গুপ্ত বলেন, ভীতি সৃষ্টি করে একটি মহল সংখ্যালঘুদের দেশছাড়া করতে চাইছে। তারা বেছে বেছে সংখ্যালঘুদের খড়ের পালায় আগুন দিচ্ছে। এ রকম প্রতিকূল পরিস্থিতিতেও সংখ্যালঘুরা কেন্দ্রে গিয়ে ভোট দিতে পিছপা হননি। নিজেদের জানমাল ও সম্পদ রক্ষা এবং দুর্বৃত্তদের প্রতিহত করতে প্রতিটি হিন্দু ও আদিবাসী পাড়ায় রাত জেগে পাহারার ব্যবস্থা করা হয়েছে।
আলাদীপুর গ্রামের ভবেন্দ্রনাথ বর্মণ, তারাপদ রায় ও অনিল চন্দ্র রায় বলেন, সারা দিন কাজ শেষ করার পর নাশকতা ঠেকাতে রাত জেগে গ্রাম পাহারা দেওয়া হচ্ছে। আতঙ্কে পরিবারের সদস্যরা রাতে ঘুমাতে পারছেন না। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, পুলিশের পাশাপাশি স্থানীয় লোকজনও গ্রামে পাহারা বসিয়েছে। দুর্বৃত্তদের ধরার চেষ্টা চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, দুর্বৃত্তদের প্রতিহত করতে সবার সহযোগিতা দরকার। প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নজরদারি করার নির্দেশ দেওয়া হয়েছে।