নাশকতা ঠেকাতে লোহাগাড়ায় শান্তি সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতা ঠেকাতে দোকানে লাঠি-বাঁশি রাখা এবং দুর্বৃত্তদের প্রতিরোধে পুলিশকে সহযোগিতা করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ। গতকাল সোমবার লোহাগাড়ায় শান্তি সমাবেশে পুলিশের পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়।
জামায়াত-শিবিরের ঝটিকা মিছিল থেকে গত রোববার সন্ধ্যায় লোহাগাড়ায় অর্ধশতাধিক যানবাহন ভাঙচুরের পর ব্যবসায়ীসহ সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। জনজীবনে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে লোহাগাড়ার বটতলী মোটরস্টেশন এলাকায় শহর উন্নয়ন কমিটির উদ্যোগে এ সমাবেশ হয়।
লোহাগাড়া শহর উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক আসাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) হাবিবুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার এ কে এম এমরান ভূঁইয়া, লোহাগাড়া থানার ওসি মো. শাহজাহান, ব্যবসায়ী প্রতিনিধি মো. মিয়া শাহজাহান, কামাল উদ্দিন, ফরিদ উদ্দিন, নুরুল ইসলাম, মেজবা উদ্দিন।
সমাবেশে ব্যবসায়ীরা বলেন, টানা অবরোধে তাঁর ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আতঙ্কের কারণে ক্রেতারাও দোকানে আসতে পারছেন না। এ অবস্থার অবসানে পুলিশকে উদ্যোগী হতে হবে। কোনো ধরনের নাশকতা ও ভাঙচুরের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে পুলিশকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান ব্যবসায়ীরা।