নাশকতা ঠেকাতে শ্রমিক ও পুলিশের পাহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় মাওয়াঘাটে নাশকতা ঠেকাতে পুলিশের সঙ্গে পরিবহন শ্রমিক ও স্থানীয় লোকজন রাত জেগে পাহারা দিচ্ছেন। গত দুই দিন ধরে তারা এভাবে পাহারা দিচ্ছে বলে মাওয়াঘাট পরিবহন শ্রমিক নেতারা জানিয়েছেন।
স্থানীয় ব্যক্তিরা জানান, শুক্রবার দিবাগত রাতে মাওয়াঘাটে থাকা বাস ও লঞ্চে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে আলমগীর নামে এক বাসশ্রমিক দগ্ধ হন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

মাওয়াঘাট বাসমালিক ও শ্রমিক নেতারা জানান, দুর্বৃত্তদের নাশকতা ঠেকাতে বাসমালিক ও শ্রমিকেরা উদ্যোগ নিয়ে রোববার থেকে রাত জেগে পাহারার ব্যবস্থা করেছেন। সবাই মিলে এই খরচ বহন করছেন বলেও জানান তাঁরা।
লৌহজং থানার ওসি আবুল কালাম আজাদ জানান, বাস ও ট্রাকের বিভিন্ন পরিবহনের মোট ৭০ জন সদস্য কয়েকটি ভাগে বিভক্ত হয়ে পর্যায়ক্রমে রাত জেগে পাহারা দিচ্ছেন। তাঁদের সঙ্গে পুলিশের দুটি বিশেষ দলও থাকছে।