নাশকতা ঠেকাতে সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
মানবতাবিরোধী অপরাধের বিচার বিঘ্নিত করতে কোনো জঙ্গিগোষ্ঠী যাতে নাশকতা ঘটাতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ‘জঙ্গিবাদ প্রতিরোধ ও প্রতিকার কমিটি’র বৈঠকের পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, ‘মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করতে বাধাবিপত্তি আসতেই পারে। এ জন্য মন্ত্রণালয় সারা দেশে জঙ্গিবাদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছে।’ এ বিষয়ে জঙ্গিদের কোনো হুমকি আছে কি না—এ প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের চেতনার বাইরে যারা রাজনীতি করে, তারা মানবতাবিরোধী অপরাধকারীদের বাঁচাতে যেকোনো নাশকতা করতে পারে। তবে জঙ্গি দমনে আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত তত্পর আছে।বৈঠকে জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে সব জেলা প্রশাসক ও সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়।প্রতিমন্ত্রী এ বিষয়ে বলেন, জেলা প্রশাসকদের মাধ্যমে প্রতিটি উপজেলা, থানা ও নির্বাচিত প্রতিনিধিদেরও চিঠি দেওয়া হবে। মসজিদে নামাজের আগে জঙ্গিবাদের ভয়াবহতা নিয়ে প্রচারণা চালাতে ইমামদের আহ্বান জানান তিনি।ঢাকা মহানগরে এ কার্যক্রম পরিচালনার জন্য পুলিশের মহাপরিদর্শক ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের নেতৃত্বে একটি মনিটরিং সেল গঠনেরও সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে।