নাশকতা ঠেকাতে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, ইজতেমা ময়দানে জঙ্গি তত্পরতা ও নাশকতা ঠেকাতে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে। ইজতেমাস্থলে সাড়ে ১৮ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবেন।গতকাল রোববার দুপুর ১২টার দিকে টঙ্গী পৌরসভার মিলনায়তন কক্ষে বিশ্ব ইজতেমার সর্বশেষ প্রস্তুতিমূলক সভায় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে ওই সভায় বক্তব্য দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, গাজীপুর-২ আসনের সাংসদ জাহিদ আহসান রাসেল, স্বরাষ্ট্রসচিব আব্দুস সোবাহান শিকদার, পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ, র্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার, ঢাকা বিভাগীয় কমিশনার শওকত হোসেন, টঙ্গী পৌরসভার মেয়র আজমত উল্লা খান, গাজীপুর জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন তালুকদার, সাবেক শিক্ষাসচিব মো. এরশাদুল হক প্রমুখ। সভায় ইজতেমার কাজে জড়িত সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও প্রতিনিধিরা ইজতেমার প্রস্তুতিমূলক কাজের অগ্রগতি তুলে ধরেন।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ না করতে পারলে সবকিছু ভণ্ডুল হয়ে যাবে। এ ব্যাপারে আমরা সজাগ রয়েছি।’ জাহিদ আহসান রাসেল বলেন, বিশ্ব ইজতেমার প্রস্তুতিকাজ প্রায় সম্পন্ন হয়েছে। তিনি ইজতেমার কাজে সহায়তার জন্য টঙ্গী ফায়ার স্টেশনকে এক লাখ টাকা অনুদান ঘোষণা করেন।পুলিশের মহাপরিদর্শক বলেন, কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ করার জন্য ইজতেমা ময়দান, এর প্রবেশদ্বারসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সিসি ক্যামেরা বসানো হবে। থাকবে পর্যবেক্ষণ টাওয়ার, আকাশে থাকবে র্যাবের হেলিকপ্টার টহল। মাঠের চারপাশে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা।টঙ্গী পৌরসভার মেয়র বলেন, ইজতেমায় পানি সরবরাহ করতে ১১টি গভীর নলকূপ ২২ ঘণ্টা চালু থাকবে। দৈনিক দুই লাখ ৫০ হাজার গ্যালন পানি সরবরাহ থাকবে। রিজার্ভ ট্যাংকেও ১ লাখ গ্যালন পানি জমা থাকবে। ১৯ জানুয়ারি থেকে মশক নিধন কার্যক্রম শুরু হবে এবং ইজতেমা চলাকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তিন দিন রিকশা চলাচল ও টঙ্গীর সিনেমা হলগুলো বন্ধ থাকবে। আশপাশের হোটেলগুলোতে ভ্রাম্যমাণ আদালতের ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।