নাশকতা ঠেকাতে 'জরুরি পাইলটিং'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবরোধে নাশকতা ঠেকাতে ‘জরুরি পাইলটিং’ ও ‘জরুরি শাটল’ ব্যবস্থা চালু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। নিরাপদে ট্রেন গন্তব্যে পৌঁছাতে গত বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে শুরু হয়েছে ‘জরুরি পাইলটিং’ ব্যবস্থা। প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে পরদিন ভোর ছয়টা পর্যন্ত এ কার্যক্রম চলছে।
যাত্রী বা মালবাহী ট্রেন এক স্টেশন থেকে আরেক স্টেশনে নিরাপদে পৌঁছানোর ব্যবস্থা করাই হচ্ছে ‘জরুরি পাইলটিং’। নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশে কোনো ট্রেন যাত্রা করার আগে ইঞ্জিনসহ একটি বগি নিয়ে একই রুটে আরেকটি ট্রেন যাত্রা করবে। কোথাও রেললাইনের ফিশপ্লেট খুলে ফেলা বা লাইন উৎপাটন করা হয়েছে কি না, তা যাচাই করবে ওই ট্রেনটি। নাশকতার আলামত পেলে পেছনে থাকা যাত্রীবাহী ট্রেনের চালক ও ঘটনাস্থলের কাছের স্টেশনমাস্টারকে ওই ট্রেন থেকে সংকেত পাঠানো হবে। যাতে যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনা এড়াতে পারে।
রেলওয়ে সূত্র জানায়, জরুরি শাটলের জন্য ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, আখাউড়া, কুলাউড়া ও লাকসাম জংশনে ইঞ্জিনসহ একটি বগি (কোচ) প্রস্তুত রাখা হয়েছে। রেললাইনে কোনো নাশকতা ঘটলে বা দুর্ঘটনার খবর পেলে তাৎক্ষণিকভাবে ওই ইঞ্জিনে চড়ে পুলিশ ও রেলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এ পদ্ধতিকে ‘জরুরি শাটল’ ব্যবস্থা বলা হয়। পাইলটিং ও শাটল ব্যবস্থা চালুর পাশাপাশি রেললাইনে পুলিশের টহলও বাড়ানো হয়েছে।
গত বুধবার গভীর রাতে মৌলভীবাজারের কুলাউড়ায় রেললাইনের ফিশপ্লেট খুলে ফেলে দুর্বৃত্তরা। এতে সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিনসহ ছয়টি বগি লাইনচ্যুত হয়।
রেলওয়ে সূত্র জানায়, রেলের পূর্ব ও পশ্চিমাঞ্চলে ১ হাজার ২৪টি ঝুঁকিপূর্ণ জায়গায় পুলিশ-আনসার ও নিরাপত্তারক্ষী মোতায়েন করা হচ্ছে।
রেলের মহাপরিচালক মো. আমজাদ হোসেন প্রথম আলোকে জানান, ব্রিটিশ আমল থেকে শুরু করে ২০১২ সাল পর্যন্ত রেলের ওপর কোনো আঘাত আসেনি। ২০১৩ সালে রেলের ওপর প্রথম আঘাত আসে। নাশকতা মোকাবিলায় জরুরি শাটল ও জরুরি পাইলটিং ব্যবস্থা চালু করা হয়েছে।
রেলের কর্মকর্তারা বলছেন, জরুরি পাইলটিং ব্যবস্থা চালু হওয়ায় নাশকতার কারণে দুর্ঘটনার আশঙ্কা অনেকটাই কমে এসেছে। তবে এটি চালু হওয়ায় ট্রেনের গতি আগের চেয়ে কমে গেছে। এ কারণে ট্রেনের সূচি ঠিক রাখা যাচ্ছে না। ২০১৩ সালে বিএনপির নেতৃত্বাধীন জোটের অবরোধ ও হরতাল কর্মসূচির মধ্যে দেশের বিভিন্ন এলাকায় রেললাইন উৎপাটন করা হয়েছিল। নাশকতার কারণে একের পর এক ট্রেন দুর্ঘটনা ঘটে। পরে ‘জরুরি শাটল’ ও ‘জরুরি পাইলটিং’ ব্যবস্থা চালু করে দুর্ঘটনার সংখ্যা শূন্যের কোঠায় নামিয়ে আনা হয়।
রেলওয়ে সূত্র জানায়, আন্তনগর ট্রেনগুলো সর্বোচ্চ ৭২ কিলোমিটার বেগে যাত্রী পরিবহন করছে। জরুরি পাইলটিং চালু হওয়ায় ট্রেনের গতি রাতে ৪০ কিলোমিটারের নিচে নেমে আসে।
রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. মোজাম্মেল হোসেন প্রথম আলোকে বলেন, ‘অবরোধ কর্মসূচি ঘোষণার পর আমরা জরুরি শাটল ব্যবস্থা চালু করেছি। কিন্তু নাশকতা বন্ধ হয়নি। কুলাউড়ায় ফিশপ্লেট খুলে ফেলা হয়েছে। তাই আমরা জরুরি পাইলটিং ব্যবস্থাও চালু করেছি।’
পশ্চিমাঞ্চল রেলওয়েতেও সতর্কতা: নাশকতারোধে পশ্চিমাঞ্চল রেলওয়েও নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে। স্টেশন, প্ল্যাটফর্ম, ইয়ার্ড, লোকো কারখানা, ক্যারেজ ডিপো, ট্রেনের বগি, লাইন এবং রেলের সব গুরুত্বপূর্ণ স্থাপনা সার্বক্ষণিক কড়া নজরদারিতে রাখা হয়েছে। রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও রেল পুলিশ যৌথভাবে এ দায়িত্ব পালন করছে।
পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক আবদুল আওয়াল ভূঁইয়া জানান, যাত্রীদের নিরাপত্তার জন্য প্রয়োজনে ট্রেনের গতি কমিয়ে আনার বিষয়েও চালকদের সতর্ক করা হয়েছে।
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পশ্চিমাঞ্চল রাজশাহীর চিফ কমান্ড্যান্ট শাহ আলম ভূঁইয়া জানান, প্রতিটি স্টেশনের প্রধান ও আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত সদস্যদের ২৪ ঘণ্টা সতর্ক থাকতে চিঠি দেওয়া হয়েছে।
(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন ঈশ্বরদী (পাবনা) ও সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি)