নাশকতা প্রতিরোধে জনগণের সহায়তা চাইলেন আইজিপি
নাশকতা প্রতিরোধে জনগণের সহযোগিতা কামনা করে পুলিশের মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহীদুল হক বলেছেন, ‘পুলিশ জনগণকে নিয়ে কাজ করে। জনগণের সহযোগিতা ছাড়া কোনো কাজই সফল হয় না। জনগণের কাছে আমাদের যেতে হবে। তাদের পরামর্শ শুনতে হবে।’
গতকাল শুক্রবার বিকেলে রাজশাহী মহানগর পুলিশ সদর দপ্তরে সাংবাদিক ও সুধী সমাজের সঙ্গে মতবিনিময় সভায় আইজিপি শহীদুল হক এসব কথা বলেন। শহীদুল হক বলেন, ‘এটা গণতন্ত্রের দেশ। দেশে বিভিন্ন মত থাকবে। বিভিন্ন রাজনৈতিক দল থাকবে। সরকারবিরোধী আন্দোলন থাকবে। সেটা হতে হবে নিয়মতান্ত্রিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে।’
আইজিপি আরও বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশে যেসব সভা-সমাবেশ হয়, তার নিরাপত্তা সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে থাকে। কিন্তু যারা নাশকতা করে, মানুষ মারে, তাদের বিরুদ্ধে জনগণকে সোচ্চার হতে হবে। এই দেশটাকে জঙ্গি রাষ্ট্র হতে দিতে পারি না।’
এর আগে আইজিপি রাজশাহী বিভাগের সকল পর্যায়ে পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করে জননিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নির্দেশ দেন।
মতবিনিময়কালে রাজশাহী রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) ইকবাল বাহার, রাজশাহী র্যা বের অধিনায়ক মাহবুবুর রহমান, নগর পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুদ্দিনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।