নাশকতা প্রতিরোধে কোর কমিটি গঠনের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটিকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়ার জন্য কোর কমিটি গঠনের নির্দেশ দিয়েছে সরকার। 

কমিটিতে সদস্য হিসেবে থাকবেন পুলিশ সুপার (এসপি), র‌্যাব, বিজিবি, আনসার ও এনএসআইয়ের জেলা পর্যায়ের প্রধানেরা। এ ছাড়া কোস্ট গার্ডের স্থানীয় ইউনিট কমান্ডারও এতে সদস্য হিসেবে থাকবেন।

এ কোর কমিটির সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। ইতিমধ্যে জেলা প্রশাসকের নেতৃত্বে প্রতিটি জেলায় নাশকতা প্রতিরোধে যে কমিটি আছে, তার অভিভাবক হিসেবে কাজ করবে এ কোর কমিটি। কমিটির সভাপতি জেলার দৈনন্দিন আইনশৃঙ্খলা-সম্পর্কিত বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগকে অবহিত করবেন।

মন্ত্রিপরিষদ সচিবালয় থেকে আজ বুধবার এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। জরুরি ভিত্তিতে নির্দেশনা পালনের জন্যও বলা হয়েছে ওই চিঠিতে।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটিকে আরও সক্রিয় করার জন্য এ চিঠি পাঠানো হয়েছে। 

এ-সংক্রান্ত নির্দেশনাসহ চিঠিতে স্বাক্ষর করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব কাজী এমদাদুল হক।

মন্ত্রিপরিষদ বিভাগের চিঠিতে বলা হয়েছে, উক্ত কমিটি আইনশৃঙ্খলা রক্ষার প্রয়োজনে বিভিন্ন সূত্র থেকে আগাম তথ্য সংগ্রহ করবে এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় যৌথভাবে  তাত্ক্ষণিক পদক্ষেপ নেবে।

এ ছাড়া আসন্ন নির্বাচনে জেলাগুলোর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এ কমিটি জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটিকে সহায়তা দেবে। সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে সব জেলায় আগে থেকেই একটি করে কমিটি আছে। কোর কমিটির পাশাপাশি আগের কমিটিও তাদের নির্ধারিত কাজ অব্যাহত রাখবে।

প্রসঙ্গত গত বছরের নভেম্বরে জামায়াত-শিবিরের দেশব্যাপী তাণ্ডবের পরিপ্রেক্ষিতে প্রতিটি জেলায় জেলা প্রশাসকের (ডিসি) নেতৃত্বে নাশকতা প্রতিরোধ কমিটি গঠনের নির্দেশ দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ডিসিদের নেতৃত্বে গঠিত ৮ সদস্যের কমিটির সদস্যরা ছিলেন পুলিশ সুপার (ডিএসবি), এনএসআই, র্যাবের  প্রতিনিধি, জেলার কমান্ডার আনসার, ভিডিপি উপপরিচালক ও একজন অতিরিক্ত জেলা  ম্যাজিস্ট্রেট।

এরপর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ৭ মার্চ একটি পরিপত্র জারির মাধ্যমে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। পরিপত্রে বলা হয়, দেশ ও জনগণের জানমাল রক্ষায় জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং আলেম সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে সারা দেশের জেলা, মহানগর, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি গঠনের কথা বলা হয়।