চলমান নাশকতা প্রতিরোধে বাংলাদেশের শান্তিকামী জনগণ এগিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
গতকাল সোমবার দুপুরে নগরের ষোলশহরের মেয়র গলির বাসভবনে তিনি বলেন, ‘সন্ত্রাস করলে আমরা চুপ থাকব না। দেশের ১৪ কোটি মানুষ সন্ত্রাস থেকে মুক্ত হতে চায়। সন্ত্রাস প্রতিরোধের জন্য জনগণ এগিয়ে যাবে।’ বিজয় দিবস উপলক্ষে বাসভবনে সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মহিউদ্দিন চৌধুরী বলেন, যুদ্ধাপরাধীর সাজার রায় কার্যকর হচ্ছে। এতে দুঃখ পাওয়ার কিছু নেই। এর জন্য খুশি হওয়া প্রয়োজন।
যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর রায় কার্যকরের ক্ষেত্রে কোনো বাধা এলে কী করবেন এমন প্রশ্নের জবাবে মহিউদ্দিন বলেন, ‘চট্টগ্রামে কেউ যুদ্ধাপরাধী থাকলে তার বিচার হচ্ছে। সে (সাকা) একটু হিম্মতওয়ালা। তবে কেউ নাশকতার চেষ্টা করলে আমরা সৎসাহস নিয়ে এগিয়ে যাব।’ হেফাজতে ইসলামের কর্মসূচি পালন এবং চট্টগ্রামকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করার হুমকি বিষয়ে জানতে চাইলে মহিউদ্দিন বলেন, ‘ভুলক্রমে হেফাজত প্রাধান্য পেয়ে গেছে। আমাদের কিছু ভুল ছিল। কোনো অবস্থাতেই তারা আর এগিয়ে যেতে পারবে না।’
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, নগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।