
রাজনীতির নামে চলমান নাশকতা বন্ধ করে দেশে শান্তি প্রতিষ্ঠার দাবি উঠেছে এবারের স্বাধীনতা দিবসে। গতকাল বৃহস্পতিবার এই দাবি জানিয়ে ও মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে জাতি উদ্যাপন করল ৪৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।
এবারের স্বাধীনতা দিবসটি ভিন্ন এক রাজনৈতিক পরিবেশে উদ্যাপিত হয়েছে। বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা টানা অবরোধ গতকালও বহাল ছিল। এ কারণে কিছুটা আতঙ্ক থাকলেও দিবসটি উদ্যাপনে মানুষের অংশগ্রহণের কোনো কমতি দেখা যায়নি। প্রতিবারের মতো এবারও সাভারের জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল নেমেছিল।
ভোরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী যখন জাতীয় স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে। সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। এ ছাড়া বীরশ্রেষ্ঠদের পরিবার, মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বাংলাদেশে অবস্থিত বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে।
তবে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতির কারণে এবার জাতীয় স্মৃতিসৌধে যাননি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। দলটির পক্ষ থেকে সকাল আটটার দিকে দলের স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, আবদুল মঈন খানসহ শতাধিক নেতা-কর্মী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় মঈন খান সাংবাদিকদের বলেন, খালেদা জিয়াকে সরকার অবরুদ্ধ করে রেখেছে। দেশের মানুষ এটা জানে। তাঁর পক্ষ থেকে সাধারণ মানুষ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করছেন।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী স্মৃতিসৌধ ত্যাগ করার পরই সর্বস্তরের মানুষের ঢল নামে স্মৃতিসৌধে। সকাল নয়টা বাজতে না বাজতেই স্মৃতিসৌধ ভরে যায় ফুলে ফুলে। স্মৃতিসৌধ কমপ্লেক্সজুড়ে হালকা সুরে বাজতে থাকে দেশের গান।
বিভিন্ন সংগঠন, সংস্থা ছাড়াও পরিবার নিয়েও অনেকে এসেছিলেন স্মৃতিসৌধে। গালে-মুখে দেশের পতাকা এঁকে, মাথায় বাংলাদেশের পতাকাখচিত ব্যান্ড বেঁধে দল বেঁধে স্মৃতিসৌধ কমপ্লেক্সে ঘুরে বেড়াতে দেখা যায় তাদের।
কেরানীগঞ্জ থেকে সাইকেলে স্মৃতিসৌধে এসেছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ডালিম হাসনাত। বললেন, ‘এখন তো বাসে-অটোরিকশায় উঠতে হয় জীবন হাতে নিয়ে। তাই সাইকেলই সঙ্গী। আমি বুঝি না মানুষ পুড়িয়ে কী করে আন্দোলন হয়। একাত্তরে যাঁরা জীবনকে তুচ্ছ করে যুদ্ধ করলেন, তাঁরা কী কখনো ভেবেছিলেন ৪৪ বছর পরে তাঁদেরই উত্তরসূরিরা একে অপরকে পুড়িয়ে মারবেন?’
আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মারা বন্ধের কথা বললেন আরও কয়েকজন। স্ত্রী ও ছেলেকে নিয়ে স্মৃতিসৌধে এসেছিলেন আবদুল বারেক। সাড়ে তিন বছরের ছেলের গালে দেশের মানচিত্র আঁকিয়ে নেওয়ার সময় কথা হয় তাঁর সঙ্গে। বললেন, ‘ছেলেটা বহুদিন বাড়ির বাইরে যায় না। স্বাধীনতা দিবসের দিনে কেউ অন্তত পেট্রলবোমা মারবে না, এই আশা করেই পরিবার নিয়ে স্মৃতিসৌধে এলাম।’
এদিকে ঢাকা থেকে সাভারের নবীনগরে স্মৃতিসৌধে যাওয়ার প্রায় ৩০ কিলোমিটার রাস্তার দুই ধারের গাছ, বিদ্যুতের খুঁটিগুলো স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের প্ল্যাকার্ড আর বিলবোর্ডে ছেয়ে গেছে। সড়ক বিভাজকে লাগানো গাছে গাছে ঝুলছিল তাঁদের প্ল্যাকার্ড। তবে অন্যবারের মতো এবার মহাসড়কে তোরণ দেখা যায়নি।
প্রথা অনুযায়ী গতকাল ভোরে রাজধানীতে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। আর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শিশু-কিশোর সমাবেশ ও কুচকাওয়াজ হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দিবসের তাৎপর্য তুলে ধরে সংবাদপত্রে বিশেষ নিবন্ধ ও ক্রোড়পত্র প্রকাশ ও সরকারি-বেসরকারি টেলিভিশন ও বেতারে বিশেষ অনুষ্ঠানমালা প্রচারিত হয়। মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়। উন্নত মানের খাবার পরিবেশন করা হয় হাসপাতাল, জেলখানা, বৃদ্ধাশ্রমসহ বিভিন্ন প্রতিষ্ঠানে।
স্মৃতিসৌধ ছাড়াও ধানমন্ডির বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে স্বাধীনতার মহানায়ক স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতেও শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রীসহ বিভিন্ন স্তরের মানুষ। বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি আয়োজন করেন সংবর্ধনা অনুষ্ঠানের। এ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রীসহ বিভিন্ন মন্ত্রী, রাজনৈতিক নেতা, কূটনীতিক ও বিশিষ্ট নাগরিকেরা। তবে আন্দোলনরত বিরোধী দল বিএনপির কোনো নেতা যাননি।
দিবসটি উপলক্ষে রাজধানীসহ সারা দেশেই বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও মুক্তিযোদ্ধাদের সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি দপ্তরগুলো শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ছাড়াও পৃথক কর্মসূচি পালন করে। এসব সংগঠন ও সংস্থার মধ্যে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, বিয়াম ল্যাবরেটরি স্কুল, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, মহানগর সর্বজনীন পূজা কমিটি, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, জয় বাংলা সাংস্কৃতিক ঐক্যজোট, বঙ্গবন্ধু গবেষণা পরিষদসহ আরও অসংখ্য সংগঠন।
এ ছাড়া সবগুলো রাজনৈতিক দল দিবসটি পালন করে। আজ শুক্রবারও বিভিন্ন কর্মসূচি পালিত হবে। ক্ষমতাসীন আওয়ামী লীগ আজ বেলা তিনটায় রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেছে। এতে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ কর্মসূচি পালন করবে এনসাইক্লোপিডিয়া অব বাংলাদেশ ওয়ার অব লিবারেশন প্রজেক্ট, বুলবুল একাডেমি, উদীচী শিল্পীগোষ্ঠীসহ আরও কয়েকটি সংগঠন।