নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের কেন্দ্রীয় সভাপতি ও গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমানকে গতকাল সোমবার কারাগারে পাঠিয়েছেন আদালত। তিনি একটি নাশকতার মামলায় গতকাল জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি শফিকুল ইসলাম বলেন, বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাহবুবুর রহমানের বিরুদ্ধে পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়।
ইউপি চেয়ারম্যানের আইনজীবী সিরাজুল ইসলাম বলেন, মাহবুবুর রহমান ওই মামলার এজাহারনামীয় আসামি ছিলেন না। তাঁকে পরে অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি নিজে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত আবেদন না মঞ্জুর করেন।
গাইবান্ধা সদর থানার ওসি মেহেদী হাসান বলেন, ১৪ জানুয়ারি ফাতেমা পরিবহনের একটি যাত্রীবাহী বাস গাইবান্ধা থেকে ঢাকা যাচ্ছিল। বাসটি গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা পেট্রলবোমা ছোড়ে। এ সময় যাত্রীরা কোনোমতে রক্ষা পায়। এ ঘটনায় বাসমালিক লোকমান হোসেন ২৮ জনের নাম উল্লেখ এবং ১৫-২০ জনকে অজ্ঞাতনামা আসামি দেখিয়ে সদর থানায় সন্ত্রাস দমন ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন। এই মামলায় মাহবুবুর রহমানসহ ৪৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।