নাশকতা মামলার আসামি সন্ত্রাসবিরোধী কমিটিতে
নারায়ণগঞ্জে কর্তব্যরত পুলিশের ওপর হামলা ও ককটেল নিক্ষেপের ঘটনায় দায়ের মামলার আসামিকে জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সদস্য করা হয়েছে।
গত ১ জুলাই রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁ ও ঈদুল ফিতরের দিন কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনার পর সরকারের নির্দেশে জেলা ম্যাজিস্ট্রেট জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি গঠন করেন। পদাধিকারবলে জেলা প্রশাসকই জেলা ম্যাজিস্ট্রেট। সে সময় জেলা প্রশাসকের দায়িত্বে ছিলেন আনিছুর রহমান মিঞা। তিনি বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বন্দর থানা বিএনপির সভাপতি আতাউর রহমান ওরফে মুকুলকে জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সদস্য করেন। এ পর্যন্ত কমিটির সভা হয়েছে তিনটি। সর্বশেষ সভা হয় গত ১৯ সেপ্টেম্বর। কমিটিতে পুলিশ সুপার, র্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারাও রয়েছেন।
আতাউর রহমান বন্দর থানার ২০১৫ সালের ৫ জানুয়ারি দায়ের করা একটি ফৌজদারি মামলার এজাহারভুক্ত আসামি। মামলার বাদী বন্দর থানার উপপরিদর্শক (এসআই) বিপুল চন্দ্র দাস এজাহারে উল্লেখ করেন, বিএনপিসহ ২০-দলীয় জোটের ‘গণতন্ত্র হত্যা’ দিবসের কর্মসূচিতে আতাউর রহমানের নেতৃত্বে ও নির্দেশে বন্দর উপজেলার নবীগঞ্জ চৌরাস্তায় ৪০০ থেকে ৫০০ লোক হকিস্টিক, লাঠিসোঁটা, দা-শাবল, চায়নিজ কুড়াল, রড, ককটেল নিয়ে পুলিশের গাড়ির গতি রোধ করেন। এরপর আতাউর রহমানের নির্দেশে তাঁরা লাঠিসোঁটা, রড, দেশি অস্ত্র নিয়ে পুলিশের ওপর চড়াও হন। একপর্যায়ে ককটেলের বিস্ফোরণ ঘটালে তিনি (বাদী) ছাড়াও বন্দর থানার ওসি, কনস্টেবল গুরুতর আহত হন। তখন পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়।
মামলার তদন্ত শেষে বন্দর থানার পুলিশ গত ৩ মে আদালতে অভিযোগপত্র দাখিল করে। অভিযোগপত্রে ৮৪ আসামির তালিকায় আতাউর রহমান ৭৮ নম্বর আসামি। জেলা জজ আদালতের স্পেশাল ট্রাইব্যুনালে মামলাটির বিচারকাজ শুরুর জন্য নির্ধারণ করেছেন আদালত।
জানা গেছে, মামলা দায়েরের পর আতাউর রহমানকে গ্রেপ্তার করেনি পুলিশ। পরবর্তী সময়ে আদালতে হাজির হলে বিচারক তাঁকে জামিন দেন।
আতাউর রহমান গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ‘কমিটিতে আমাকে রাখা হয়েছে কি না, তা আমি এখনো জানি না।’
জানতে চাইলে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বী মিয়া প্রথম আলোকে বলেন, তিনি দায়িত্বে আসার আগেই এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বিতর্কিত কাউকে রাখা হয়েছে কি না, সে সম্পর্কে খোঁজখবর নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।