হেফাজতে ইসলামের সব কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছে সরকার। তাদের লংমার্চ কর্মসূচির সময় যেকোনো ধরনের নাশকতা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ নির্দেশ দেওয়া হয়। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও বাংলাদেশ বাস মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘জনসাধারণের জানমালের নিরাপত্তা বিধান করা সরকারের পবিত্র, নৈতিক ও আইনি দায়িত্ব। এ দায়িত্ব পালনের নির্দেশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেওয়া হয়েছে। আমরা বারবার সুস্পষ্টভাবে বলেছি, শান্তিপূর্ণভাবে কেউ সমাবেশ করলে বাধা দেওয়া হবে না।’মন্ত্রী বলেন, কোনো রাজনৈতিক গোষ্ঠীকে মানুষ খুন করার লাইসেন্স দেওয়া হয়নি। রাজনীতির নামে একটি গোষ্ঠী নিরাপত্তা বাহিনীকে আক্রমণ করছে, গাড়ি পোড়াচ্ছে, বাস পোড়াচ্ছে। এটা কোনো সভ্য দেশে হতে পারে না।বৈঠক সূত্রে জানা গেছে, শুক্র ও শনিবার বাস না চালানোর জন্য বাস মালিক সমিতিকে বলা হয়েছে। বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাস মালিক সমিতির নেতারা প্রত্যক্ষ ও পরোক্ষ লংমার্চ সমর্থন করেন না। মন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কটূক্তি করায় খেলাফত মজলিসের নেতা জাফরউল্লাহ খানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ ব্যাপারে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।