নাশকতা রুখতে বরিশালে বাসে অগ্নিনির্বাপণ যন্ত্র
বরিশালে দূরপাল্লার যাত্রীবাহী বাসে অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়েছে পুলিশ প্রশাসন। অবরোধে নাশকতা রুখতে তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে এ উদ্যোগ নিল পুলিশ। প্রাথমিকভাবে ১০টি যন্ত্র সরবরাহ করা হয়েছে।
গতকাল শনিবার বেলা ১১টার দিকে নগরের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে আনুষ্ঠানিকভাবে এসব যন্ত্র হস্তান্তর করেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার শৈবাল কান্তি চৌধুরী। যন্ত্রগুলো হস্তান্তরের সময় সেগুলো পরিচালনার জন্য যানবাহনের চালকদের প্রশিক্ষণ দেন বরিশাল ফায়ার সার্ভিসের কর্মীরা।
এ সময় টার্মিনাল চত্বরে অনুষ্ঠিত সন্ত্রাস ও নাশকতাবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শৈবাল কান্তি চৌধুরী বলেন, নাশকতার সঙ্গে জড়িত লোকজন দেশের শত্রু। সন্ত্রাসীদের রুখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে। নাশকতা সৃষ্টিকারীদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার জন্য সমাজের সর্বস্তরের নাগরিকদের প্রতি আহ্বান জানান তিনি।
যাত্রীবাহী বাসে অগ্নিনির্বাপণ যন্ত্র সরবরাহ সম্পর্কে বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক শাওকাত হাসান বলেন, সারা দেশে সড়ক ও নৌপথের যানবাহনে অগ্নিনির্বাপণ যন্ত্র রাখার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে।
বরিশাল জেলা বাস মালিক সমিতির সভাপতি আফতাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সন্ত্রাসবিরোধী সমাবেশে বক্তৃতা করেন উপ-পুলিশ কমিশনার (উত্তর) জিল্লুর রহমান, উপকমিশনার (দক্ষিণ) গোলাম রউফ খান, উপকমিশনার (ট্রাফিক) আবু সালেহ মো. রায়হান, বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সভাপতি আজিজুর রহমান প্রমুখ।