নাশকতা-হত্যার প্রতিবাদে রংপুরে ছয় কি.মি. মানববন্ধন
‘পুড়ছে মানুষ, কাঁদছে দেশ-জাগো রংপুর, জাগো বাংলাদেশ’ স্লোগানে রংপুরে আজ বুধবার শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকসহ সর্বস্তরের জনগণ রাজপথে নেমে আসে। দীর্ঘ ছয় কিলোমিটার ধরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দেশব্যাপী বোমা হামলা, নৈরাজ্য, নাশকতা ও মানুষ হত্যা বন্ধের প্রতিবাদে এবং এসএসসি পরীক্ষা নির্বিঘ্নে অনুষ্ঠিত করার দাবিতে ‘জাগো রংপুর’ সংগঠনের আয়োজনে এ মানববন্ধন হয়।
শহরের জিলা স্কুল মোড় থেকে লালবাগ পর্যন্ত প্রধান সড়কে দীর্ঘ ছয় কিলোমিটার ধরে মানববন্ধনে শহরের প্রায় ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের মানুষ এক ঘণ্টা মানববন্ধন করে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন চলাকালে একই সঙ্গে ছয়টি স্থানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসব সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন প্রবীণ শিক্ষাবিদ রেজাউল হক, রংপুর মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ আজিজুল ইসলাম, রংপুর বেতারের সাবেক আঞ্চলিক পরিচালক মনোয়ারা বেগম, রংপুর জিলা স্কুলের শিক্ষক শাহীনা সুলতানা, মহিলা পরিষদের সভাপতি হাসনা চৌধুরী, নারী সংগঠক মোশফেকা রাজ্জাক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিজুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতারা।
বক্তারা বলেন, আমরা দেশে শান্তি চাই। নির্বিঘ্নে এসএসসি পরীক্ষা হচ্ছে, সেটা দেখতে চাই। অবরোধের নামে এভাবে দেশে নৈরাজ্য চলতে দেওয়া যায় না। নারকীয় ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করার জোর দাবিও জানানো হয়।