নাশকতাকারীদের আন্ডা-বাচ্চা, মা-বাপ রেহাই পাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী নাশকতাকারীদের উদ্দেশে বলেছেন, ‘যারা এসব করছে, তাদের শাস্তির ব্যবস্থা আমরা করে দিচ্ছি। সে আর তার আন্ডা-বাচ্চা, মা-বাপসহ রেহাই পাবে না। তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনব, এই হচ্ছে আমাদের অঙ্গীকার।’ এ সময় তিনি মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সভাপতি-সম্পাদককে পদত্যাগের জন্য ৭২ ঘণ্টার সময় বেঁধে দেন।
সৈয়দ মহসিন আলী ভারতের পশ্চিমবঙ্গের নেহরু সাম্য সম্মাননা ২০১৪ ও আচার্য দীনেশ চন্দ্র সেন স্মৃতি স্বর্ণপদক ২০১৪ পাওয়া উপলক্ষে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে জেলা আওয়ামী লীগের একাংশ এই সংবর্ধনার আয়োজন করে।
মন্ত্রী জেলা আওয়ামী লীগের নিষ্ক্রিয়তার জন্য জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে দায়ী করে বলেন, ‘দুঃখ পরিতাপ নিয়ে বলছি, জেলা আওয়ামী লীগ মৃত। আট বছর ধরে কোনো মিটিং ডাকা হয়নি। গোপালগঞ্জের পরেই মৌলভীবাজার আওয়ামী লীগের ঘাঁটি। আমার বহু কষ্টের গড়া সংগঠনকে ধ্বংস করে দিয়েছে। অনেক ধৈর্য ধরেছি। আওয়ামী লীগকে বিক্রি করে প্রশাসনকে লাল কার্ড দেখিয়ে তোমরা তোমাদের পকেট ভারী করেছ। আর সহ্য করা হবে না।’
মন্ত্রী সভাপতি-সম্পাদককে উদ্দেশ করে বলেন, ‘৭২ ঘণ্টার মধ্যে পদত্যাগপত্র আমার কাছে দিবে। আমি নেত্রীর কাছে পৌঁছে দিব। আর না হলে তোমাদের কীভাবে দুরমুশ করতে হয়, আমাদের তা জানা আছে।’
অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ ফিরোজের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আহমদের সঞ্চালনায় বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রণধীর কুমার দেব, রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আছকির খান, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম প্রমুখ।