নাশকতাকারীদের কঠোর শাস্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অবরোধের নতুন ঘোষণা দেওয়ার আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আসুন। পেট্রলবোমা ও আগুনে ঝলসানো মানুষগুলোকে দেখুন, তাঁদের নিজের সন্তান ভাবুন।’
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে এ আহ্বান জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, শিক্ষার্থী, সেবিকা, কর্মকর্তা ও কর্মচারীরা। তাঁরা বলেছেন, ‘আমরা চাই না আর কোনো মানুষ পেট্রলবোমায় দগ্ধ হয়ে বার্ন ইউনিটে আসুক।’ বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের টানা অবরোধের প্রতিবাদে গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করেন তাঁরা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে অবরোধ প্রত্যাহার এবং নাশকতাকারীদের বিচার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। বেলা একটার দিকে ঢাকা মেডিকেলের বহির্বিভাগের ফটক থেকে কেন্দ্রীয় শহীদ মিনার ও এর উল্টো দিকের রাস্তায় এই মানববন্ধন হয়। অংশগ্রহণকারীদের হাতের ব্যানারগুলোতে আগুনে ঝলসে যাওয়া মানুষের ছবি আর অবরোধবিরোধী স্লোগান লেখা ছিল। স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নেতারাও মানববন্ধনে উপস্থিত ছিলেন।
মানববন্ধনে সেবিকা সাবিনা বলেন, ‘আমরা অসুস্থ মানুষকে সেবা দিতে চাই। কিন্তু বার্ন ইউনিটে যে দৃশ্য দেখি, তাতে আমরা সেবা দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলি। আগুনে ঝলসে যাওয়া মানুষগুলোকে দেখে আমরাই অসুস্থ হয়ে পড়ি।’
আগুনে পুড়িয়ে মানুষ হত্যার মতো ঘৃণ্য কাজের নিন্দা জানান ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ইসমাইল খান। তিনি বলেন, ‘বার্ন ইউনিটের অমানবিক দৃশ্যের আমাদের চেয়ে বড় প্রত্যক্ষদর্শী আর কেউ নেই।’ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, এই নৃশংসতা অতি সত্বর বন্ধ করতে হবে।
সাবেক সাংসদ, বিএমএ ও স্বাচিপ নেতা মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, ‘বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধে দেশজুড়ে কী ধরনের অমানবিক পরিস্থিতি তৈরি হয়েছে, তা ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে গেলে মানুষ উপলব্ধি করতে পারবে। জনগণ বাধ্য করবে বিএনপিকে এ কর্মসূচি প্রত্যাহার করার জন্য।’
বিএমএ ও স্বাচিপের একাধিক নেতা, নার্স অ্যাসোসিয়েশন ও কর্মকর্তা-কর্মচারী ইউনিয়নের নেতারা তাঁদের বক্তব্যে খালেদা জিয়াকে হুকুমের আসামি করার ও গ্রেপ্তারের দাবি জানান। তাঁরা বলেন, এ ধরনের নাশকতামূলক রাজনীতির বিরুদ্ধে সরকারকে কঠোর হতে হবে।
মানববন্ধনে আরও বক্তব্য দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য শহীদুল্লাহ শিকদার, বিএমএর সভাপতি মাহমুদ হাসান ও সাধারণ সম্পাদক ইকবাল আর্সলান, পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসচিব কামরুল হাসান খান প্রমুখ। বেলা দুইটার দিকে মানববন্ধন শেষ হয়।
এদিকে বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীকে আরও কঠোর হওয়ার আহ্বান জানায় সহিংসতাবিরোধী সাংবাদিক সমাজ। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের যুগ্ম মহাসচিব সাইফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ও সাংবাদিক নেতা জাহাঙ্গীর খানের পরিচালনায় মানববন্ধনে বক্তারা বলেন, বোমাবাজ ও বাসে অগ্নিসংযোগকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।