
নাশকতাকারীদের বিরুদ্ধে দ্রুত অভিযোগপত্র দিয়ে তাদের বিচার সম্পন্ন করার জন্য ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রশাসন ও আইনপ্রয়োগকারী সংস্থাগুলোকে এ নির্দেশ দিয়ে তিনি বলেন, এটা এ জন্য যাতে ভবিষ্যতে তারা এ ধরনের নৃশংস ঘটনা ঘটানোর সাহস না পায়। খবর বাসসের।
প্রধানমন্ত্রী গতকাল সোমবার বাংলাদেশ সচিবালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বগুড়া ও সাতক্ষীরা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সঙ্গে এক মতবিনিময়কালে এ নির্দেশ দেন। এ কনফারেন্সে রাজশাহী ও খুলনা বিভাগ এবং ঝিনাইদহ, নড়াইল, জয়পুরহাট ও সিরাজগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটিও যুক্ত ছিল।
কনফারেন্সে প্রধানমন্ত্রী বলেন, ‘যারা পেট্রলবোমা ছুড়ে মানুষ পুড়িয়ে মেরেছে; বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন জ্বালিয়েছে; তাদের গ্রেপ্তার করা ও তাদের বিরুদ্ধে মামলা দায়েরই যথেষ্ট নয়। তাদের বিরুদ্ধে দ্রুত চার্জশিট দিয়ে তাদের বিচার সম্পন্ন করতে আপনাদের যথোপযুক্ত পদক্ষেপ নিতে হবে। এ ব্যবস্থা করা না হলে দুষ্কৃতিকারীরা আদালত থেকে জামিন নেওয়ার পর আবারও এ ধরনের নৃশংস কর্মকাণ্ড চালাবে।’
শেখ হাসিনা সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনার ওপর গুরুত্বারোপ করে বলেন, জনগণের জীবনের নিরাপত্তা দেওয়া হচ্ছে সবচেয়ে বড় দায়িত্ব। যারা মানুষ পুড়িয়ে হত্যা করেছে তাদের অবশ্যই শাস্তি দিতে হবে। এ জন্য জনগণের জীবন নিরাপদ না হওয়া পর্যন্ত যৌথ অভিযান অব্যাহত থাকবে।
প্রধানমন্ত্রী দাবি করেন, তাঁর সরকার ৫ জানুয়ারি নির্বাচনের পর সন্ত্রাসীদের দমনে বেশি নজর দিতে পারেনি। কারণ ওই সময় সরকার উন্নয়নের ওপর বেশি গুরুত্ব দিয়েছে। এ জন্য চলতি বছরের ৫ জানুয়ারি থেকে সরকারকে খেসারত দিতে হয়েছে। তিনি চলমান উন্নয়নকাজ দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়ে বলেন, বর্তমান সরকারের মেয়াদ শেষ হতে আরও তিন বছর নয় মাস বাকি আছে। ফলে এ সময়ের মধ্যে চলমান উন্নয়নকাজ শেষ করতে হবে। পাশাপাশি আগের বাজেটের কাজও শেষ করতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, আমরা আমাদের দক্ষতার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং আমরা অন্যের ওপর নির্ভর না করে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। তাই চলমান সব উন্নয়নকাজ দ্রুত শেষ করতে হবে। প্রধানমন্ত্রী দেশের প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম করতে তাঁর সরকারের উদ্যোগের কথা উল্লেখ করে এ জন্য উপযুক্ত স্থান খুঁজে বের করতে জেলা প্রশাসনকে নির্দেশ দেন।
বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত রেললাইন স্থাপনে বগুড়া জেলা পরিষদের অনুরোধের জবাবে বিষয়টি বিবেচনা করার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। তিন বলেন, সিরাজগঞ্জে শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। কবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই ১২ শ একর জমি দান করে গেছেন।
প্রধানমন্ত্রী বগুড়ায় শিক্ষার হার ৪৯ শতাংশ হওয়ায় অসন্তোষ প্রকাশ করে এ জেলার পুত্রবধূ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ‘মেট্রিক পাস না করা’র উল্লেখ করে বলেন, জেলার অনেকেই হয়তো তাঁর পদাঙ্ক অনুসরণ করছেন। তিনি সাতক্ষীরায় জলাবদ্ধতা সমস্যা নিরসনে কপোতাক্ষ নদ পুনঃখনন অব্যাহত রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
কনফারেন্সে প্রধানমন্ত্রী কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ, ডিজিটালাইজেশন, কর্মসংস্থান, জনশক্তি রপ্তানি ও খেলাধুলার মতো বিভিন্ন সামাজিক-অর্থনৈতিক ক্ষেত্রে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডও তুলে ধরেন।