নাশকতাকারীদের ধরিয়ে দিলে ১ লাখ টাকা পুরস্কার

যারা বোমা ছুড়বে ও গাড়িতে আগুন দেবে, তাদের ধরিয়ে দিলে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। আজ বুধবার সচিবালয়ে আইনশৃঙ্খলা-সম্পর্কিত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এক ব্রিফিংয়ে মন্ত্রী এ কথা বলেন।
এর আগে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান নাশকতাকারীদের ধরিয়ে দিলে পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। তবে পুরস্কারের মূল্য কত হবে, তা পরে জানানো হবে বলে তিনি জানিয়েছিলেন।
৫ জানুয়ারির ‘একতরফা’ নির্বাচনের মাধ্যমে গঠিত ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে শুরু হওয়া সহিংসতায় গতকাল পর্যন্ত নিহত হয়েছেন ২৮ জন।
৬ জানুয়ারি থেকে এই অবরোধ চলছে। ৪ জানুয়ারি থেকে সংঘাতের শুরু। ওই দিন থেকে আজকে পর্যন্ত ২৬৫টি যানবাহনে আগুন দেওয়া হয়। অন্তত ৩৫৫টি গাড়ি ভাঙচুর করা হয়।
শিল্পমন্ত্রী বলেন, দেশে রাজনৈতিক কর্মসূচির নামে পেট্রলবোমা ছুড়ে নিরীহ মানুষ হত্যা করা হচ্ছে। যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হচ্ছে। ঘটনাস্থল থেকে এসব দুর্বৃত্তদের ধরিয়ে দিলে এক লাখ টাকা পুরস্কার দেবে সরকার।
সব জেলা ও উপজেলায় সন্ত্রাস-নাশকতা প্রতিরোধ কমিটি আরও সক্রিয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সমন্বয়ে এসব কমিটিতে সুশীল সমাজ, শিক্ষক, ব্যবসায়ীসহ অনেকেই থাকবেন।
দেশে সুস্থ রাজনীতির পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ভূমিকা পালন করবে জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, পেট্রলবোমা মেরে দাবি আদায় করা গেলে কেউ রাজনীতি করত না। পেট্রোল বোমায় মানুষ পুড়িয়ে যারা অবরোধ করে, তারা মূলত দেশ থেকে রাজনীতি বিদায় করতে চায়। দেশে রাজনৈতিক কর্মকাণ্ড বাঁচিয়ে রাখার স্বার্থে এবং রাজনীতিকে পুনরুদ্ধারের স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীসহ সবাইকে এগিয়ে আসতে হবে।
শিল্পমন্ত্রী বলেন, গত ১৫ দিনে সারা দেশে ৭ হাজার ১৫ জন বিএনপি-জামায়াতের কর্মীকে নাশকতার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। তাদের ধরা হয়েছে নাশকতার ঘটনাস্থল থেকে। অথচ কোনো কোনো নেতা-নেত্রী বলে যান, তাদের লোক এই নাশকতা করছেন না।
আমু জানান, গতকাল মঙ্গলবার রাতেও ঢাকা মহানগর থেকে ১৫৪ জনকে গ্রেপ্তার করা হয়, এর মধ্যে ১৩৪ জন বিএনপির, বাকিরা জামায়াত-শিবির কর্মীরা। এতেই প্রমাণ হয় খালেদা জিয়া সঠিক বলছেন না।