রেলে নাশকতাকারীদের হাতেনাতে ধরিয়ে দিলে কিংবা তথ্য দিয়ে সহায়তা করলে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। তবে পুরস্কারের অঙ্ক কত তা তিনি খোলাসা করেননি। ঘটনার গুরুত্ব বিবেচনা করে পুরস্কার দেওয়ার কথা জানান তিনি।
গতকাল রোববার রেলভবনে আন্তমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান রেলমন্ত্রী। নাশকতার উদ্দেশ্যে রেললাইন ওপড়ানো, ফিশপ্লেট খুলে ফেলা, ট্রেনে অগ্নিসংযোগসহ ধ্বংসাত্মক কার্যকলাপ দেখা গেলে সবাইকে নির্ধারিত নম্বরে ফোন দেওয়ার অনুরোধ জানান মুজিবুল হক। যোগাযোগ নম্বরগুলো হচ্ছে—পুলিশ সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ: ০১৭৬৯৬৯০০৩৩, জিআরপি নিয়ন্ত্রণ কক্ষ: ০১৭৮৫৯০৩৭১২, বিভাগীয় রেলওয়ে নিয়ন্ত্রণ কক্ষ (ঢাকা): ০১৭১১৬৯১৫৬৪, চট্টগ্রাম: ০১৭১১৬৯১৬৩৫, পাকশী: ০১৭১১৬৯১৬২১, লালমনিরহাট: ০১৭১১৬৯১৬০৪।
রেলমন্ত্রী জানান, নিকটস্থ থানা/ পুলিশ ফাঁড়ি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা রেলওয়ে কর্তৃপক্ষকেও তথ্য জানানো যাবে। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।
বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে রেলমন্ত্রী জানান, নিরাপদ ও স্বাভাবিক রেল যোগাযোগ অব্যাহত রাখার লক্ষ্যে স্থানীয় প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থানীয় জনগণের সংশ্লিষ্ট করার সিদ্ধান্ত হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্য, জ্বালানি তেল, সারসহ গুরুত্বপূর্ণ মালামাল পরিবহন অব্যাহত রাখা হবে।
রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মনসুর আলী সিকদার, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, পুলিশ, আনসার-ভিডিপিসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন।