নাশকতাকারীদের বিচার সম্পন্নের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ছবি: বাসস
প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ছবি: বাসস

পেট্রলবোমায় যারা মানুষ পুড়িয়েছে এবং যানবাহন জ্বালিয়েছে তাদের গ্রেপ্তার করা ও তাদের বিরুদ্ধে মামলা দায়েরই যথেষ্ট নয়। তাদের বিরুদ্ধে দ্রুত অভিযোগপত্র দিয়ে বিচার সম্পন্ন করতে প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সোমবার সচিবালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বগুড়া ও সাতক্ষীরা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সঙ্গে মতবিনিময়কালে এ সব কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিল রাজশাহী ও খুলনা বিভাগ এবং ঝিনাইদহ, নড়াইল, জয়পুরহাট ও সিরাজগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটি। খবর বাসস ও ইউএনবির।
ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী বলেন, ‘যারা পেট্রলবোমা ছুড়ে মানুষ পুড়ে মেরেছে, বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন জ্বালিয়েছে তাদের গ্রেপ্তার করা ও তাদের বিরুদ্ধে মামলা দায়েরই যথেষ্ট নয়। তাদের বিরুদ্ধে দ্রুত অভিযোগপত্র (চার্জশিট) দিয়ে তাদের বিচার সম্পন্ন করতে আপনাদের যথোপযুক্ত পদক্ষেপ নিতে হবে। এ ব্যবস্থা করা না হলে দুষ্কৃতকারীরা আদালত থেকে জামিন নেওয়ার পর আবার এ ধরনের নৃশংস কর্মকাণ্ড চালাবে।’
সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার ওপর গুরুত্বারোপ করে শেখ হাসিনা বলেন, জনগণের জীবনের নিরাপত্তা দেওয়া হচ্ছে সবচেয়ে বড় দায়িত্ব। যারা জীবন্ত মানুষ পুড়িয়ে হত্যা করেছে, তাদের অবশ্যই শাস্তি দিতে হবে। এ জন্য জনগণের জীবন নিরাপদ না হওয়া পর্যন্ত¯যৌথ অভিযান অব্যাহত রাখতে হবে।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘তাঁর সরকার ৫ জানুয়ারি নির্বাচনের পর সন্ত্রাসীদের দমনে বেশি নজর দিতে পারেনি। কারণ ওই সময় সরকার উন্নয়নের ওপর অধিক গুরুত্ব দিয়েছে। এ জন্য চলতি বছরের ৫ জানুয়ারি থেকে আমাদের খেসারত দিতে হয়েছে। সে সময় আমরা দেখেছি বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অবিরাম হরতাল ও অবরোধ এবং বিএনপি-জামায়াত চক্রের মানুষ হত্যা ও নির্যাতন।’
এদিকে ইউএনবির খবরে বলা হয়েছে, ভিডিও কনফারেন্সে কথা বলার সময় বগুড়া জেলা প্রশাসনের দাবির প্রেক্ষিতে বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত রেললাইন নির্মাণের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। এ সময় বগুড়ার শিক্ষার হার (৪৯ শতাংশের একটু বেশি) নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি ইঙ্গিতে করে শেখ হাসিনা বলেন, এই জেলার মানুষ হয়তো তাদের পুত্রবধূকে অনুসরণ করে থাকতে পারে।