পেট্রলবোমা মেরে সাধারণ মানুষ হত্যার নিন্দা জানিয়েছে পেশাজীবী সমন্বয় পরিষদ। গতকাল মঙ্গলবার পরিষদ আয়োজিত এক মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেছেন, যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য সাধারণ মানুষকে পুড়িয়ে মারা হচ্ছে। কঠোর ব্যবস্থা নিতে হবে নাশকতাকারীদের বিরুদ্ধে। পেশাজীবী সমন্বয় পরিষদের জাতীয় কর্মসূচির আলোকে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও সমাবেশ হয়।
সমাবেশে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধ কিংবা কোনো গণতান্ত্রিক আন্দোলনে হামলার লক্ষ্যবস্তু সাধারণ মানুষ ছিল না। কিন্তু চলমান কথিত আন্দোলনের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। দেশের অর্থনীতিকে পঙ্গু করা এবং উন্নয়ন বাধাগ্রস্ত করাই এই সন্ত্রাস-নৈরাজ্যকারীদের লক্ষ্য। তাদের প্রতিরোধ করতে সরকারকে আরও কঠোর হতে হবে।
সংগঠনের সভাপতি অধ্যাপক এ কিউ এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মুক্তিযুদ্ধবিষয়ক গবেষক মাহফুজুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী, সাবেক ডিন অধ্যাপক গাজী সালাহউদ্দিন, প্রকৌশলী মোহাম্মদ হারুন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রামের সভাপতি মুজিবুল হক খান, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসীন চৌধুরী, যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ, বিএমএর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফয়সাল ইকবাল চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাবেক সভাপতি এম নাসিরুল হক, পরিবেশ সংগঠক অধ্যাপক ইদ্রিস আলী, কাউন্সিলর বিজয় কুমার চৌধুরী, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য রণজিত রক্ষিত প্রমুখ। সভা সঞ্চালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার।