নাশকতাকারীদের শাস্তি পেতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সরকার গণমাধ্যমের ওপর কোনো হস্তক্ষেপ করেনি। গণমাধ্যমকর্মীদের ওপর যারা হামলা করছে, তাদের ওপর হস্তক্ষেপ করার চেষ্টা করছে সরকার। গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম চেম্বারে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। ‘অর্থনৈতিক প্রতিবেদন: প্রেক্ষাপট চট্টগ্রাম’ শীর্ষক সেমিনারের আয়োজন করে চট্টগ্রাম চেম্বার। তথ্যমন্ত্রী বলেন, দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐকমত্যে পৌঁছানো উচিত। ফটিকছড়িতে হামলাকে ‘হামলা’, তাণ্ডবকে তাণ্ডব, রেললাইনের ফিশপ্লেট তুলে ফেলা ও গাড়িতে আগুন দেওয়াকে নাশকতা বলতে হবে। যারা এসব করছে তাদের আইনের মাধ্যমে শাস্তি পেতে হবে। তথ্যমন্ত্রী বলেন, দেশের এগিয়ে যাওয়ার পথে চার ‘যুদ্ধে’ জয়ী হতে হবে। দারিদ্র্য, পরিবেশ, লিঙ্গসমতা এবং জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যুদ্ধ চলছে। এ যুদ্ধে জয়ী হওয়া সম্ভব। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সেলিম উদ্দিন। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, দৈনিক পূর্বকোণ -এর ব্যবস্থাপনা সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি নুরুন নেওয়াজ, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসীন চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী প্রমুখ। দেশের মোট শিল্পোৎপাদনের ৪০ শতাংশ চট্টগ্রাম থেকে আসে, এ তথ্য দিয়ে চট্টগ্রামের শিল্প ও আবাসিক খাতে নতুন গ্যাস-সংযোগের ব্যাপারে প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ করবেন বলে ব্যবসায়ীদের আশ্বাস দেন তথ্যমন্ত্রী। তথ্যমন্ত্রী বলেন, আমাদের দেশে গণতন্ত্র এখনো দুর্বল। টেকসই গণতন্ত্রের জন্য শক্তিশালী গণমাধ্যম দরকার। নোবেল বিজয়ী চট্টগ্রামের কৃতী সন্তান ড. মুহাম্মদ ইউনূস ‘কংগ্রেসনাল গোল্ড মেডেল’ অর্জন করায় সেমিনারে তাঁকে অভিনন্দন জানান তথ্যমন্ত্রী।