নাশকতায় জড়িতরা মোসাদ্দেকের পক্ষে প্রচারণায়নেমেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন নাশকতায় জড়িত ব্যক্তিরা রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে সম্মিলিত নাগরিক ফোরামের মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেনের পক্ষে প্রচারণায় অংশ নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন নাগরিক কমিটির নেতারা। নির্বাচনে নাগরিক কমিটির প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এ এইচ এম খায়রুজ্জামান।

নগরের আলুপট্টি এলাকায় দৈনিক বার্তা ভবনে গতকাল সংবাদ সম্মেলনে করে নাগরিক কমিটি। এতে খায়রুজ্জামানের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা বলেন, গত ছয় মাসে আমরা দেখেছি সিল্কসিটি ট্রেনে আগুন দিতে, বোমা মেরে পুলিশ সদস্যের হাত উড়িয়ে দিতে। আমরা আরও দেখেছি ইট দিয়ে পুলিশ সদস্যদের মাথা থেঁতলে দিতে ও পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে পুলিশকেই পেটাতে। তিনি অভিযোগ করেন, এসব নাশকতায় যাঁরা অংশ নিয়েছিলেন, যাঁদের বিরুদ্ধে মামলা আছে, তাঁরাই মোসাদ্দেক হোসেনের পক্ষে প্রচারণায় অংশ নিচ্ছেন। যা আমাদের জন্য হুমকি হিসেবে এসেছে। চিহ্নিত সন্ত্রাসীরা যেন নির্বাচনী প্রচারণায় অংশ নিতে না পারে, সে জন্য নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

ফজলে হোসেন বাদশা বলেন, প্রতিপক্ষের লোকজন মোনাজাতের নামে আমাদের প্রার্থীর ধ্বংস কামনা করছেন। যা প্রাণনাশের হুমকির সমতুল্য। আমাদের প্রার্থীর নামে অপপ্রচার চালিয়ে নির্বাচনে সুনির্দিষ্টভাবে ধর্মের ব্যবহার করে সাম্প্রদায়িকতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে, যা বিভেদ ও সংঘাতের পথকেই প্রশস্ত করবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নাগরিক কমিটির সদস্যসচিব সৈয়দ সাফিকুল আলম, খায়রুজ্জামানের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শফিকুর রহমান, সাংসদ শাহরিয়ার আলম প্রমুখ।