নাশকতায় সহায়তার অভিযোগে বাবা ও ছেলে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর থেকে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে নাশকতামূলক কাজে সহযোগিতা করার অভিযোগে বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ শুক্রবার দুপুরে নিজস্ব কার‌্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান র‌্যাব-৪-এর উপ-অধিনায়ক কে এম তানভীর আনোয়ার।
মিরপুর ২ নম্বর সেকশনের ন্যাশনাল হাউজিং অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স থেকে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন চিকিত্সক মো. আবদুর রহমান (৫২) ও তাঁর ছেলে মো. আরিফুর রহমান (২২)। এ সময় তাঁদের কাছ থেকে প্রচুর জিহাদি বই ও প্রচারপত্র উদ্ধার করা হয়।
আবদুর রহমান তেজগাঁও থানার স্বাস্থ্য কমপ্লেক্সে উপসহকারী চিকিত্সা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর ছেলে ইউনিভার্সিটি ডেন্টাল কলেজে বিডিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
র‌্যাবের দাবি, আবদুর রহমান ও আরিফুর রহমান জামায়াত-শিবিরের কর্মী। তাঁরা কুয়েত থেকে সম্প্রতি প্রায় দুই লাখ টাকা সংগ্রহ করেন, যা নাশকতামূলক কাজে ব্যয় করতে শিবিরকর্মীদের কাছে হস্তান্তর করেন।
কে এম তানভীর আনোয়ারের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবদুর রহমান ও আরিফুর রহমান স্বীকার করেছেন ওই টাকা কুয়েত জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবদুর জাব্বারের কাছ থেকে পেয়েছিলেন আবদুর রহমান। এই টাকা মিরপুর ইসলামী ব্যাংক শাখায় আবদুর রহমানের হিসাবে জমা হয়। বাবার হিসাব থেকে এই টাকা তুলে শিবিরের বায়তুল মাল সম্পাদকের কাছে দিয়েছিলেন ছেলে আরিফুর রহমান।
র‌্যাব-৪-এর সংবাদ সম্মেলনে উপ-অধিনায়ক তানভীর আনোয়ার দাবি করেন, এর আগেও বিভিন্ন দেশ থেকে অর্থ সংগ্রহের কাজ করেছেন আবদুর রহমান ও আরিফুর রহমান। র‌্যাবের কাছে তাঁরা জানান, সংগ্রহ করা এই অর্থ দিয়ে শিবির তাদের হরতালের মতো কর্মসূচিতে অস্ত্র-গোলাবারুদ সংগ্রহ করে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়ে থাকে।
র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তার হওয়া এই দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।