নাশকতার অভিযোগে গ্রেপ্তার আরও ৪৫০
নাশকতা ও বোমা হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে দেশব্যাপী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধরপাকড় চালাচ্ছে। পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৪৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের বিরুদ্ধে নাশকতা ও বোমা বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তবে অন্যান্য অপরাধী মিলিয়ে একই সময়ে গ্রেপ্তারের সংখ্যা প্রায় দুই হাজার বলে জানান পুলিশের একজন কর্মকর্তা।
প্রথম আলোর প্রতিনিধিরা গতকাল দেশের ১৯ জেলা থেকে ১৮৩ জনকে গ্রেপ্তারের খবর জানিয়েছেন। অভিযানে পুলিশকে সহযোগিতা করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বগুড়া প্রতিনিধি জানান, শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা জামায়াতের নায়েবে আমির আলমগীর হোসাইনসহ ৬১ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বুধবার শহরের স্টেশন সড়কে ককটেল ফাটিয়ে চালবাহী ট্রাকে অগ্নিসংযোগের ঘটনায় আলমগীরসহ বিএনপি ও জামায়াত-শিবিরের ১০৩ নেতা-কর্মীকে আসামি করে গতকাল মামলা করেছে পুলিশ।
রংপুর থেকে নিজস্ব প্রতিবেদক জানান, বুধবার রাত থেকে গতকাল ভোর পর্যন্ত শহরের ৪২ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এর মধ্যে ছয়জন জামায়াত ও একজন বিএনপির কর্মী।
ফরিদপুর অফিস জানায়, বোয়ালমারীতে দুই ছেলেসহ জামায়াতের স্থানীয় নেতা আফসার শেখ এবং টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের সভাপতি মোক্তার হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
চট্টগ্রাম থেকে নিজস্ব প্রতিবেদক জানান, নাশকতার অভিযোগে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে নগরের পাঁচলাইশ থেকে জামায়াতের চার রুকনকে গোপন বৈঠকের সময় গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া হাটহাজারী, ফটিকছড়ি, চন্দনাইশ, সাতকানিয়া, সীতাকুণ্ড, মিরসরাই ও লোহাগাড়া থেকে আরও ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সাতক্ষীরা থেকে নিজস্ব প্রতিবেদক জানান, অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১৬ কর্মীসহ ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নাশকতা সৃষ্টির অভিযোগে জেলা জামায়াতের দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী ও সাবেক শিবির নেতা শরিফুল ইসলামকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আবদুল সাদী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
গাইবান্ধা থেকে নিজস্ব প্রতিবেদক জানান, সাত উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ২২ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
সিরাজগঞ্জ থেকে নিজস্ব প্রতিবেদক জানান, মহাসড়ক ও আঞ্চলিক সড়কে নাশকতার পরিকল্পনার অভিযোগে বুধবার রাত দেড়টার দিকে দেশীয় অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, নাশকতার মামলায় বিএনপি ও জামায়াত-শিবিরের নয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের বিশেষ শাখার ওসি মো. মাঈন উদ্দিন খান বলেন, জেলার বিভিন্ন থানায় এ পর্যন্ত ১০টি মামলা হয়েছে।
চাঁদপুর প্রতিনিধি জানান, জেলা জামায়াতের সেক্রেটারি মো. বিল্লাল হোসেনকে গতকাল নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করেছে চাঁদপুর থানার পুলিশ।
চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, পুলিশের গাড়িতে বোমা হামলার ঘটনায় সদর থানার পুলিশ ছাত্রদল নেতা সাজিদ হাসানকে (২২) শহরের কেদারগঞ্জ এলাকার বাড়ি থেকে বুধবার রাত তিনটার দিকে গ্রেপ্তার করেছে।
চাঁপাইনবাবগঞ্জ থেকে নিজস্ব প্রতিবেদক জানান, ওয়ার্ড কাউন্সিলর ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল বারেকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বিকেলে পৌরসভার সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া ছয় জেলায় আরও ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন প্রথম আলোর প্রতিনিধিরা।