নাশকতার অভিযোগে অটোরিকশাচালক গ্রেপ্তার, ধর্মঘট
নাশকতার অভিযোগে অটোরিকশার চালককে গ্রেপ্তারের প্রতিবাদে রাঙামাটি শহরে গতকাল সোমবার বেলা সাড়ে তিনটা থেকে অটোরিকশা চলাচল বন্ধ করে দেন চালকেরা। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। গ্রেপ্তার হওয়া চালক আবদুল মান্নান বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা গেছে।
পুলিশ জানায়, গতকাল বেলা দেড়টার দিকে আবদুল মান্নানকে রাঙামাটির ভেদভেদী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনা জানাজানি হলে চালকেরা অটোরিকশা চলাচল বন্ধ করে দেন। শহরে চলাচলের একমাত্র যান অটোরিকশা বন্ধ হয়ে যাওয়ায় শত শত মানুষ দুর্ভোগে পড়েন।
রাঙামাটি অটোরিকশা চালক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শহীদুজ্জামান মহসিন অভিযোগ করেন, মান্নানের মুক্তি না হওয়া পর্যন্ত রাঙামাটি শহরে অটোরিকশা চলাচল বন্ধ রাখা হবে।
তবে রাঙামাটির পুলিশ সুপার (এসপি) সাঈদ তারিকুল হাসান বলেন, আবদুল মান্নানকে নাশকতার সুনির্দিষ্ট অভিযোগে গ্রেফতার করা হয়েছে। গত ২৭ জানুয়ারির ভাঙচুরের ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে।