নাশকতার অভিযোগে আনিসুর আটক : র্যাব
নাশকতার চেষ্টায় জড়িত থাকার অভিযোগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহগণশিক্ষা-বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদারকে আটক করা হয়েছে। র্যাব-৩-এর অধিনায়ক লে. কর্নেল ইমরানুল হাসান আজ মঙ্গলবার এ কথা জানান।
লে. কর্নেল ইমরানুল হাসান আজ দুপুরে প্রথম আলোকে বলেন, আনিসুর রহমান তালুকদারের বিরুদ্ধে নাশকতার চেষ্টায় জড়িত থাকার অভিযোগ আছে। এ অভিযোগেই তাঁকে আটক করা হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে তাঁকে গুলিস্তানের হোটেল রমনা থেকে আটক করা হয়। আনিসুরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
আনিসুর রহমান তালুকদারকে আটকের পরপরই র্যাব-৩-এর গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
গতকাল রাত ১২টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের রুহুল কবির রিজভী বলেন, রাতে হোটেল রমনায় আনিসুর রহমান তাঁর নিজ জেলা মাদারীপুরের বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।