নাশকতার অভিযোগে খুলনায় ৮ ও ঢাকায় ১০ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ফুলতলা উপজেলা থেকে গত বৃহস্পতিবার রাতে ছয়টি হাতবোমাসহ বিএনপি ও জামায়াতে ইসলামীর আটজন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ দাবি করেছে, এই আটজন ৩ ডিসেম্বর যুগ্নিপাশায় রেলে নাশকতার সঙ্গে জড়িত এবং তাঁরা ফুলতলা বিদ্যুৎ কার্যালয় বোমা মেরে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিলেন।
এদিকে নাশকতা চালানোর অভিযোগে রাজধানীর কল্যাণপুর থেকে গতকাল শুক্রবার বেসরকারি ইবনে সিনা মেডিকেল কলেজের ১০ জন ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
খুলনার ফুলতলা থেকে গ্রেপ্তার হওয়া আটজন হলেন: জামায়াতের কর্মী মো. শাহজাহান শেখ, ফকির মো. মামুন, আজাদ শেখ, বিনে আমিন ও শামীম শেখ এবং বিএনপির কর্মী হুসাইন আহমেদ, নাজমুল গোলদার ও কামরুজ্জামান মোল্লা। পুলিশ দাবি করেছে, তাঁদের মধ্যে ফকির মো. মামুন জেএমবির সিরিজ বোমা হামলা মামলায় ছয় বছরের সাজা ভোগ করেছেন। তাঁদের গ্রেপ্তারের মাধ্যমে ফুলতলা উপজেলা বিদ্যুৎ কার্যালয় উড়িয়ে দেওয়ার পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে।
পুলিশ জানায়, জেলা গোয়েন্দা পুলিশ বৃহস্পতিবার রাতে ফুলতলার বুড়িয়ারডাঙ্গা গ্রামে ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির ইব্রাহিম মেম্বরের বাড়িতে চলা বৈঠক থেকে ছয়টি বোমাসহ আটজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের গতকাল খুলনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়। জেলা পুলিশ সুপার গোলাম রউফ খান সাংবাদিকদের জানান, এই আটজন ৩ ডিসেম্বর ফুলতলার বেজেরডাঙ্গা স্টেশনের পাশে যুগ্নিপাশায় রেললাইনের ফিশপ্লেট খুলে ফেলেন। এই নাশকতার কারণে ওই দিন গভীর রাতে নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়।
গ্রেপ্তার জামায়াতের কর্মী মো. শাহজাহান শেখ পুলিশ সুপার কার্যালয়ে বলেন, অবরোধে ৫২ জনের একটি দল রেললাইনে নাশকতা এবং ৪৫ জনের একটি দল গাছ কাটার দায়িত্ব পালন করছে।
ঢাকায় গ্রেপ্তার ১০: মিরপুর থানার পুলিশ জানায়, গতকাল ভোরে কল্যাণপুরের ১৫ শহীদ মিনার রোডে একটি ফ্ল্যাট থেকে ইবনে সিনা মেডিকেল কলেজের ছাত্র ইমন সরকার, রবিউল, ইব্রাহিম খলিল, আবদুল্লাহ আল মামুন, শাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম, লিয়াকত, কুতুব শিকদার, শরীফুল ইসলাম ও আনিসুর রহমানকে গ্রেপ্তার করা হয়। ওই ফ্ল্যাট থেকে বিভিন্ন ধরনের ১২টি ককটেল, ছাত্রশিবিরের সাংগঠনিক বিভিন্ন বই, মাসিক চাঁদা আদায়ের রসিদ এবং জামায়াত-শিবিরের কর্মীদের পাঠ্য এমন কিছু বইপত্র পাওয়া গেছে।
পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ বলেন, এসব তৎপরতার খবর পেয়ে ওই বাসা তিন-চার দিন নজরদারিতে রাখা হয়। আটক ব্যক্তিদের কর্মকাণ্ড সম্পর্কে নিশ্চিত হয়ে গতকাল ভোর পাঁচটায় বাসাটিতে অভিযান চালানো হয়। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ওই বাসা থেকে ঢাকায় শিবিরের নাশকতার কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করা হতো। একই সঙ্গে সদস্য সংগ্রহ, চাঁদা তোলা, ককটেল তৈরি ও তাত্ত্বিক প্রশিক্ষণ দেওয়া হতো।
ওই বাড়ির অন্য ভাড়াটেরা জানান, দুই মাস আগে ফ্ল্যাটটি মাসিক ১৭ হাজার টাকায় ভাড়া নেন কয়েক যুবক। বাড়ির মালিক বনানীতে বসবাস করেন। পুলিশের অভিযানের পর বাড়ির তত্ত্বাবধানকারী পালিয়ে গেছেন।