হরতালে ককটেল বিস্ফোরণ ও নাশকতা সৃষ্টির অভিযোগে ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ কোতোয়ালি থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া দুজন হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি রুহুল আমিন ও জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক এম এ সালাম। গতকাল শুক্রবার বিকেলে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার হরতালের সময় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রদলের নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন এবং দুটি ককটেলের বিস্ফোরণ ঘটান। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ওই দিন রাত সাড়ে নয়টার দিকে রুহুল আমিন ও এম এ সালামকে গ্রেপ্তার করে। গতকাল ময়মনসিংহ কোতোয়ালি থানার পুলিশ বাদী হয়ে ককটেল বিস্ফোরণ ও নাশকতা সৃষ্টির অভিযোগে ওই দুজনসহ ছাত্রদলের ১০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করে। ময়মনসিংহ কোতোয়ালি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম জানান, হরতালে নাশকতা সৃষ্টি ও ককটেল বিস্ফোরণের ঘটনায় পুলিশের করা মামলার আসামি হিসেবে ছাত্রদলের ওই দুই নেতাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।