নাশকতার আশঙ্কা, তদন্ত দল গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যদের নিহত হওয়ার ঘটনাটিকে নিছক দুর্ঘটনা হিসেবে দেখছে না পুলিশ বিভাগ ও নিহত ব্যক্তিদের পরিবার। জেলা পুলিশ বলছে, দুর্ঘটনার ধরন ও আলামত দেখে তাদের সন্দেহ জেগেছে। সে কারণে এ ঘটনায় করা মামলার পাঁচটি ধারার মধ্যে হত্যার বিষয়টিও রাখা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গতকাল রোববার পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত দল গঠন করা হয়েছে।নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার বিজয় বসাকের নেতৃত্বাধীন তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন, সহকারী পুলিশ সুপার (সার্কেল) হেলাল উদ্দীন ও ট্রাফিক পুলিশের উপপরিদর্শক সামসুল হক। গতকাল শিবপুর থানায় একটি মামলা হয়েছে। হত্যা, হত্যার চেষ্টা, ক্ষতিসাধন, গুরুতর আহত এবং দুর্ঘটনা ধারা মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।গত শনিবার নরসিংদীর শিবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে পুলিশের পিকআপ ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ খান (৪৫), ওসি (তদন্ত) জিয়াউল হক (৪২), উপপরিদর্শক (এসআই) কংকন কুমার মণ্ডল (৪২), কনস্টেবল কৃষ্ণ কুমার বর্মণ (৫০), রিয়াজ উদ্দিন (৪০) , নারায়ণ চন্দ্র (৪৫), বজলুর রহমান (৫০) ও মাসুদ পারভেজ (৪২) এবং গাড়ির চালক পুলিশ সদস্য রেজাউল হক (৪০) নিহত হন। আহত কনস্টেবল প্রিয়তোষ (৫০) গুরুতর অবস্থায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। ভুলবশত গত শনিবার পুলিশের ভাষ্য অনুযায়ী প্রিয়তোষের মৃত্যুর কথা ছাপা হয়।পুলিশ সুপার আক্কাছ আলী ভূঁইয়া বলেন, ‘শুরুতে বিষয়টিকে সাধারণ দুর্ঘটনা হিসেবে বিবেচনায় নিয়েছিলাম। এখন মনে হচ্ছে এতটা সহজ করে ভাবার সুযোগ নেই। খেয়াল করে দেখেছি, পুলিশভ্যানটি একেবারে বাঁ দিকে নেমে যাচ্ছিল। এতটা রং সাইডে এসে পুলিশভ্যানের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হওয়ার কথা নয়।’ আক্কাস আলী ভূঁইয়া আরও বলেন, ‘এই সড়কটি এখন ডাকাতপ্রবণ মহাসড়কে পরিণত হয়েছে। নরসিংদীর ৫০ কিলোমিটারের মধ্যে যাতে কোনোভাবেই ডাকাতি না হয়, সে কারণে ছয়টি তল্লাশি চৌকি বসানো হয়েছে। এতে একটি অপরাধীচক্র বড় ক্ষতির মধ্যে পড়েছে। তাদের কেউ পরিকল্পিতভাবে ওই ঘটনা ঘটিয়েছে কি না, তা মাথায় রাখতে হচ্ছে।’নিহত ওসি ফারুক আহমেদ খানের স্ত্রী জয়বুন্নেছা স্মৃতির সন্দেহ, এই দুর্ঘটনার পেছনে কোনো কারণ লুকিয়ে আছে। তিনি পুরো বিষয়টির নিবিড় তদন্ত দাবি করেন। কনস্টেবল নারায়ণ চন্দ্রের স্ত্রী সুবর্ণা রানী চন্দ্র বলেন, ‘পুলিশের শত্রুর অভাব নেই। কোনো শত্রুতা থেকে আমি স্বামী আর সন্তানেরা বাবাহারা হলো কি না, তা ভালো করে দেখা দরকার।’এদিকে তদন্ত দল কাজ শুরু করেছে। তদন্ত দল গতকাল সকালে দুর্ঘটনাস্থল শিবপুরের ঘাশিরদিয়া যায়। প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যগ্রহণ করে। তদন্ত দলের প্রধান অতিরিক্ত পুলিশ সুপার বিজয় বসাক বলেন, ‘প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছি। পুরো বিষয়টির মধ্যে রহস্য কাজ করছে। এই মহাসড়ক দিয়ে মাদক পরিবহন করা হয়ে থাকে। তল্লাশি চৌকির কারণে মাদক ব্যবসায়ীরাও বাধার মধ্যে পড়েছে। দুর্ঘটনার সঙ্গে কোনো মহলের হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’ তিনি বলেন, আগামীকাল (আজ সোমবার) নরসিংদী পৌরসভার নির্বাচন। নির্বাচনের পরদিন দুর্ঘটনাকবলিত গাড়িটি ঢাকায় বিআরটিএর পরীক্ষাগারে পাঠানো হবে। পরীক্ষার প্রতিবেদন হাতে পেলে তদন্ত কাজ এগিয়ে নেওয়া অনেকটা সহজ হবে।বিজয় বসাক গতকাল বিকেলে বলেন, ট্রাকের চালককে এখনো গ্রেপ্তার করা যায়নি। তবে ট্রাকের ঠিকানা উদ্ধার করা গেছে। ট্রাকের মালিকের বাড়ি যশোরে। তদন্তের স্বার্থে তিনি এর চেয়ে বেশি কিছু বলতে রাজি হননি।পুলিশ সুপার আক্কাস উদ্দীন ভূঁইয়া জানান, নিহত পুলিশ সদস্যদের দাফন ও দাহ করা হয়েছে। জেলা পুলিশ কল্যাণ তহবিল থেকে নিহত প্রত্যেকের পরিবারকে ১০ হাজার টাকা করে দেওয়া হয়। পুলিশের মহাপরিদর্শকের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে দেওয়া হয়েছে ৫০ হাজার টাকা করে।