নাশকতার আশঙ্কায় চলেনি শাটল ট্রেন ও শিক্ষকবাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের ডাকা দুদিনব্যাপী ছাত্র ধর্মঘটের প্রথম দিন গতকাল বুধবার নাশকতার আশঙ্কায় শাটল ট্রেন চলেনি। ক্যাম্পাস থেকেও শহরে আসেনি শিক্ষকবাস। শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকায় অধিকাংশ বিভাগ ও ইনস্টিটিউটেই ক্লাস হয়নি।
ষোলশহর রেলওয়ে স্টেশনমাস্টার এ কে এম ফরহাদুজ্জামান বলেন, ‘ধর্মঘটে বিশ্ববিদ্যালয় শাটল ট্রেনকে কেন্দ্র করে নাশকতা হতে পারে—গোয়েন্দা সংস্থার এমন সংকেতের পর রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে বিশ্ববিদ্যালয় রুটে শাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার শাটল ট্রেন চলাচল শুরু হবে।’
ষোলশহর রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আরব আলী প্রথম আলোকে বলেন, নাশকতার আশঙ্কায় মঙ্গলবার রাতেই ষোলশহর রেলওয়ে স্টেশনে অবস্থান করা দুটি শাটল ট্রেনই ডকে নিয়ে যায় রেলওয়ে কর্তৃপক্ষ।
পূর্ব ঘোষণা ছাড়াই শাটল ট্রেন চলাচল বন্ধ থাকায় সকালে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে ষোলশহর রেলওয়ে স্টেশনে আসা শিক্ষার্থীরা বিপাকে পড়েন। তাঁদের অনেকেই সিএনজিচালিত অটোরিকশা ও মিনিবাসে করে ক্যাম্পাসে যান।
এদিকে ধর্মঘটের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তর ও বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে অবস্থানরত অগ্রণী ব্যাংকের শাখা কার্যালয়ে তালা লাগিয়েছে বলে দাবি করেছে ছাত্রদলের একটি পক্ষ। তবে এটি গুজব বলে উড়িয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাইফুদ্দিন সালাম প্রথম আলোকে বলেন, ধর্মঘটের অংশ হিসেবে সকাল সাতটায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ছাত্রদলের নেতা-কর্মীরা উপাচার্য ও অগ্রণী ব্যাংক কার্যালয়ে তালা লাগিয়ে দেন।
তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ বলেন, ‘এসব গুজব ছাড়া কিছুই নয়।’
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইসমাইল বলেন, ‘এ রকম কোনো ঘটনার বিষয়ে আমার জানা নেই।’