নাশকতার আশঙ্কায় নিরাপত্তা তল্লাশির নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী রোববার ১৪ দেশের পুলিশ প্রধানদের আগমনকে কেন্দ্র করে জঙ্গিরা যেন নাশকতামূলক ঘটনা ঘটাতে না পারে, সে জন্য পুলিশকে নিরাপত্তাচৌকি বসিয়ে তল্লাশি, ব্লক রেইডসহ টহল বাড়ানোর পাশাপাশি কঠোর নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) মো. আছাদুজ্জামান মিয়া।

গতকাল বৃহস্পতিবার ডিএমপি সদর দপ্তরে আয়োজিত ফেব্রুয়ারি মাসের অপরাধ সভায় ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া এসব কথা বলেন। এতে ডিএমপির সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা থেকে সব বিভাগের উপকমিশনার, ডিএমপির গোয়েন্দা বিভাগ, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের কর্মকর্তা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অপরাধ সভায় উপস্থিত পুলিশের একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, জঙ্গিরা আবার নাশকতার পরিকল্পনা করছে। কয়েকটি ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, টঙ্গীতে প্রিজন ভ্যানে বোমা মেরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গিনেতা মুফতি আবদুল হান্নানকে ছিনিয়ে নিতে চেয়েছিল জঙ্গিরা। কুমিল্লার চান্দিনায় জঙ্গিরা পুলিশকে লক্ষ্য করে বোমা ছুড়ে মারে। এটা জঙ্গিদের নাশকতারই পরিকল্পনা। ১৪ দেশের পুলিশ প্রধান বাংলাদেশে আসছেন। এতেও হয়তো জঙ্গিরা নাশকতার পরিকল্পনা করছে। সে জন্য এখন থেকেই পুলিশকে নিরাপত্তাচৌকি বসিয়ে তল্লাশি, টহল বাড়ানো, ব্লক রেইডসহ কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিতে হবে।

মাসিক অপরাধ পর্যালোচনা সভা শেষে ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ কর্মকর্তাদের হাতে নগদ অর্থ পুরস্কার তুলে দেন। ফেব্রুয়ারি মাসে পুলিশের শ্রেষ্ঠ বিভাগ নির্বাচিত হয়েছে মিরপুর বিভাগ। মাদকদ্রব্য উদ্ধারে কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলীকে শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত করা হয়। জাপানি নাগরিককে হুমকিদাতাকে গ্রেপ্তারে সাইবার অপরাধ বিভাগের অতিরিক্ত কমিশনার নাজমুল ইসলাম, ব্লগার হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তারে কাউন্টার টেররিজমের অতিরিক্ত উপকমিশনার জাহিদুল হক তালুকদার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত হন।