গাড়ি পোড়ানো, ককটেল বিস্ফোরণসহ নাশকতার অভিযোগে করা একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ছয় মাসের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এই মামলাসহ নাশকতার আরও তিন মামলায় কেন তাঁকে জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বৃহস্পতিবার মির্জা ফখরুলের পৃথক চারটি জামিন আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন। আদালতে ফখরুলের পক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদিন ও এম মাহবুবউদ্দিন খোকন। সঙ্গে ছিলেন আইনজীবী এহসানুর রহমান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির।
এহসানুর রহমান জানান, মির্জা ফখরুলের বিরুদ্ধে পল্টন থানার তিনটি ও মতিঝিল থানার একটি মামলায় পৃথক চারটি জামিন আবেদনের শুনানি হয়। চারটি মামলাই গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ বা ককটেল বিস্ফোরণের অভিযোগে করা হয়েছে।
মোমতাজ উদ্দিন ফকির প্রথম আলোকে বলেন, পল্টন থানার একটি মামলায় মির্জা ফখরুলকে ছয় মাসের অন্তর্বর্তী জামিন দিয়েছেন আদালত। এই মামলাসহ পল্টন থানার আরও দুটি ও মতিঝিল থানার একটি মামলায় তাঁকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে রুল দিয়েছেন আদালত। ঢাকার জেলা প্রশাসককে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে হবে।
৫ জানুয়ারি ‘একতরফা’ জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তি ঘিরে কর্মসূচি ঘোষণা করে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। এ নিয়ে রাজধানীর পল্টন, মতিঝিল এলাকাসহ নানা জায়গায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগসহ নাশকতার ঘটনা ঘটে। এ সময় পল্টন ও মতিঝিল থানায় মির্জা ফখরুলসহ বিএনপি-জামায়াতের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে একাধিক মামলা করা হয়।