নাশকতার এক মামলায় হাইকোর্টে খালেদার জিয়ার জামিন আবেদন

বাসে পেট্রল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে কুমিল্লায় করা এক মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। কুমিল্লার বিশেষ ট্রাইব্যুনাল-১ এর দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল করে এই জামিন চাওয়া হয়েছে।
বিচারপতি মো. শওকত হোসেন ও আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদনটি উপস্থাপন করা হয়। এখন আবেদনটি নিয়ম অনুযায়ী কার্যতালিকায় আসবে বলে জানিয়েছেন খালেদার অন্যতম আইনজীবী এম মাসুদ রানা।
পরে মাসুদ রানা প্রথম আলোকে বলেন, কুমিল্লার বিশেষ ট্রাইব্যুনাল-১ ২৮ মে এক আদেশে ওই মামলায় খালেদা জিয়াকে গ্রেপ্তার দেখানোর আবেদন না-মঞ্জুর করেন। একই সঙ্গে জামিনের দরখাস্ত শুনানির সুযোগ নেই বলে উল্লেখ করেন। এই আদেশের বিরুদ্ধে আপিল করে জামিন চাওয়া হয়েছে। আবেদনটি ওই বেঞ্চে উপস্থাপন করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। আদালত বলেছেন নিয়ম মাফিক আবেদনটি কার্যতালিকায় আসবে।
২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি বাসে পেট্রল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের অভিযোগে চৌদ্দগ্রাম থানায় ওই মামলাটি করা হয়। গত বছরের ২ ফেব্রুয়ারি ওই মামলায় বিশেষ ক্ষমতা আইনে অভিযোগপত্র দাখিল করা হয়।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডাদেশ দিয়ে রায় দেন বিচারিক আদালত। এরপর থেকে খালেদা জিয়া নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে আছেন। রায়ের পর আপিল করে জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া, যার ওপর শুনানি নিয়ে গত ১২ মার্চ হাইকোর্ট তাঁকে চার মাসের জামিন দেন। এই জামিন স্থগিত চেয়ে দুদক ও রাষ্ট্রপক্ষ পৃথক আবেদন করে। পরে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখে ১৬ মে রায় দেন আপিল বিভাগ। সেদিন খালেদা জিয়ার আইনজীবী মওদুদ আহমদ বলেছিলেন, বিএনপির চেয়ারপারসনের মুক্তিতে কিছুটা বাধা আছে। তিনি এই মুহূর্তে মুক্তি পাবেন না, কারণ নিম্ন আদালতে থাকা কয়েকটি মামলায় তাঁকে আসামি দেখানো হয়েছে। এরপর পৃথক পাঁচ মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া।