নাশকতার চেষ্টা বলে সন্দেহ, মামলার পর চালক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীতে চালক ছাড়াই ২৬ কিলোমিটার ট্রেন চলার নজিরবিহীন ঘটনায় গতকাল সোমবার একটি মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ট্রেনচালক, সহকারী চালক ও গার্ডকে (পরিচালক)। এ ছাড়া ঘটনা তদন্তে গঠন করা হয়েছে আরেকটি তদন্ত কমিটি।
তদন্ত কমিটি বলেছে, ট্রেনচালক জামায়াতে ইসলামীর কর্মী বলে জানা গেছে। এমন প্রেক্ষাপটে এটি নাশকতার চেষ্টা হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তবে চালক শেখ মোহাম্মদ আলী প্রথম আলোর কাছে বলেন, তিনি কখনোই জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না।
পুলিশ, তদন্ত কমিটি ও অন্যান্য সূত্রে জানা গেছে, মোহাম্মদ আলীর বাড়ি রাজবাড়ীর বালিয়াকান্দীর গোসাই-গোবিন্দপুর গ্রামে। তিনি জামায়াতের একজন কর্মী। সরকারি চাকরি করার কারণে তিনি দলীয় কোনো পদে নেই। মোহাম্মদ আলীর ছোট ভাই শেখ মিজানুর রহমান রাজধানীর মিরপুরে জামায়াতের একজন নেতা। তিনি ঢাকার শেওড়াপাড়ার বাসিন্দা। চাচাতো ভাই বাবর আলী শেখ জামায়াতের কেন্দ্রীয় কমিটির নেতা। তবে তাঁদের রাজনৈতিক পদ জানা সম্ভব হয়নি।
এদিকে ট্রেনটির সহকারী চালক ফয়সাল আহমেদ দাবি করেন, চালক মোহাম্মদ আলী খুবই ভালো মানুষ। তাঁকে অযথা হয়রানি না করারও আহ্বান জানান তিনি।
নতুন আরেকটি কমিটি: ঘটনা তদন্তে গত রোববার দুটি তদন্ত কমিটি গঠন করার পর সৈয়দপুর রেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) দেওয়ান লালন আহমেদকে প্রধান করে গতকাল তিন সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করেছে সৈয়দপুর রেলওয়ে পুলিশ।
মামলা, গ্রেপ্তার ৩: রাজবাড়ী রেলওয়ে স্টেশন থানায় গতকাল রাতে একটি মামলা হয়েছে। শেখ মোহাম্মদ আলী, ফয়সাল আহমেদ ও গার্ড (পরিচালক) সুভাষ চন্দ্র শর্মাকে আসামি করে রাজবাড়ী রেলস্টেশনমাস্টার কামরুজ্জামান মামলাটি করেন। মামলার পরপরই তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উল্লেখ্য, ফরিদপুর এক্সপ্রেস নামের ট্রেনটি গত রোববার সকাল আটটার দিকে ফরিদপুরের উদ্দেশে ছেড়ে যাওয়ার আগে রাজবাড়ী রেলস্টেশনে অপেক্ষারত ছিল। একপর্যায়ে ট্রেনটি চালু করে নেমে যান চালক। পরে ট্রেনটি উল্টোপথে চলতে শুরু করে। এক ঘণ্টায় ২৬ কিলোমিটার চলার পর নয়টা পাঁচ মিনিটে সেটি পাংশা উপজেলার বাবুপাড়া রেলসেতুর কাছে থামানো হয়।
এ ঘটনার পরে রোববার দুপুরে রাজবাড়ীতে রেলওয়ের রেস্টহাউসে রেলের তদন্ত কমিটির সামনে হাজির হন চালক মোহাম্মদ আলী। তবে তিনি ঘটনার কী ব্যাখ্যা দিয়েছেন তা জানা যায়নি।