নাশকতার জন্য আ.লীগকে দুষলেন খালেদা

অবরোধ চলাকালে সংঘটিত নাশকতার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেছেন, এসব ঘটনায় তিনি ‘বিস্মিত, হতবাক, ক্ষুব্ধ ও বেদনাহত।’ আজ সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। বিবৃতিতে খালেদা জিয়া নিজের দল ও জোটের কর্মীদের প্রতি সাধারণ মানুষের ওপর হামলা ও জাতীয় সম্পদ নষ্ট না করার নির্দেশ দেন।
এক-এগারো-পরবর্তী সময়ে আওয়ামী লীগের নেতা শেখ সেলিমের একটি জবানবন্দির কথা উল্লেখ করে খালেদা জিয়া বলেন, ‘বিরোধী দলের আন্দোলন কর্মসূচির পাশাপাশি চলমান অন্তর্ঘাত ও নাশকতামূলক কার্যকলাপ এবং গার্মেন্টস-শিল্প ধ্বংসের উদ্দেশ্যে ধ্বংসাত্মক তত্পরতার প্যাটার্নের সঙ্গে আগেকার আওয়ামী সন্ত্রাস হুবহু মিলে যাওয়ায় সবার কাছেই পরিষ্কার হয়ে যাচ্ছে যে নৃশংস এসব প্রাণসংহার ও ধ্বংসযজ্ঞের মূল হোতাও আওয়ামী সন্ত্র্রাসীরাই।’ একের পর এক বীভত্স ঘটনা ঘটিয়ে অপরাধীদের পার পেয়ে যাওয়া এবং এসব ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত কেউ গ্রেপ্তার না হওয়ার রহস্য বোধগম্য নয় বলেও খালেদা জিয়া মন্তব্য করেন। বিবৃতিতে জাতীয় নির্বাচনের তফসিল স্থগিত করে দেশ বাঁচানোর জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান খালেদা জিয়া।
বিরোধীদলীয় নেতা অভিযোগ করেন, পুলিশ ও গোয়েন্দাদের দৃশ্যমান ও অদৃশ্য তত্পরতার কারণে তাঁর গুলশান কার্যালয়ের কার্যক্রম চালানো যাচ্ছে না। নির্বাচন কমিশনের উদ্দেশে খালেদা জিয়া বলেন, প্রহসনের একতরফা নির্বাচনের উদ্যোগ নিয়ে বিশেষ দলের ক্রীড়নক হিসেবে ব্যবহূত না হয়ে ঘোষিত তফসিল স্থগিত করে দেশকে বাঁচান।