নাশকতার জন্য ক্ষমা না চাইলে আলোচনা নয়: হাছান মাহমুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতার জন্য ক্ষমা না চাইলে বিএনপির সঙ্গে আলোচনা হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।

আজ রোববার রাজধানীর সেগুনবাগিচায় খাজা নিজামুদ্দিন মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় হাছান মাহমুদ এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, ‘সংবিধান অনুযায়ী এ সরকার আগামী পাঁচ বছর থাকবে। তবে আমরা সব সময় আলোচনায় বিশ্বাসী। কিন্তু কোনো নাশকতাকারী ও জঙ্গিদের সঙ্গে আলোচনা হতে পারে না। আলোচনা চাইলে নাশকতার জন্য বিএনপিকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।’ নৈরাজ্যের রাজনীতি পরিহার না করলে খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরে যাওয়ার আহ্বান জানান তিনি।

খালেদা জিয়া রাতে ছাড়া বের হন না উল্লেখ করে সাবেক এই মন্ত্রী বলেন, ‘তাদের (বিএনপি) দলের পক্ষে সকালে একটা, দুপুরে একটা ও বিকেলে একটা সংবাদ সম্মেলন করা হয়। এসব সংবাদ সম্মেলনে সন্ত্রাসীদের পক্ষে সাফাই গাওয়া হয়। আর বিএনপির নেত্রী তো বের হন রাত আটটার পর। তিনি দিনের বেলা কিছু করতে পারেন না।’

হাছান মাহমুদ অভিযোগ করেন, বিএনপি ১৯৯১ সালের নির্বাচনের আগে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের কাছ থেকে অর্থ গ্রহণ করেন। আর সেটা এখনো নিয়মিতভাবে গ্রহণ করছেন।

রুরাল জার্নালিস্ট ফোরাম আয়োজিত আজকের এই আলোচনা সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের নেতা সুজিত রায় নন্দী, ইসমত কাদির গামা প্রমুখ।