নাশকতার টাকা জোগাচ্ছিলেন জামায়াতের নেতা-কর্মীরা
রাজধানীর বনশ্রী থেকে উদ্ধার করা এক কোটি টাকা বিভিন্ন জায়গা থেকে চাঁদা তুলে নাশকতার জন্য জমা করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। পুলিশের দাবি, মানবতাবিরোধী অপরাধের বিচার সামনে রেখে এই নাশকতার পরিকল্পনা ছিল জামায়াতের নেতা-কর্মীদের।
বনশ্রীর বি ব্লকের একটি পাঁচতলা বাড়ির দোতলার ফ্ল্যাট থেকে গত শনিবার সন্ধ্যায় ১ কোটি ৪৭ হাজার টাকাসহ পাঁচজনকে গ্রেপ্তার করে রামপুরা থানার পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন গিয়াসউদ্দীন, আমিনুর রহমান, আবুল হাসেম, ওসমান গনি ও শাফায়েতুর রহমান।
পুলিশ বলেছে, গিয়াসউদ্দীন জামায়াতে ইসলামীর রুকন এবং অন্যরা বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী। টাকাসহ গ্রেপ্তারের ঘটনায় শনিবার সন্ত্রাসবিরোধী আইন ও মানি লন্ডারিং আইনে দুটি মামলা করে পুলিশ। সেই দুই মামলায় ওই পাঁচজনের প্রত্যেককে ১০ দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা জানিয়েছেন, এর আগেও বনশ্রীর ওই বাড়ি থেকে নাশকতার জন্য মাঠপর্যায়ে টাকা সরবরাহ করা হয়েছে। বিভিন্ন ব্যবসায়ী ও কর্মীদের কাছ থেকে চাঁদা তুলে সংগ্রহ করা টাকা তাঁরা ওই বাড়িতে রাখছিলেন। উদ্দেশ্য ছিল মতিউর রহমান নিজামীর মানবতাবিরোধী অপরাধের রায় দিলে নাশকতা করা।