ভৈরব-ময়মনসিংহ রেলপথের কিশোরগঞ্জের বাজিতপুরে দেড় মাসে তিনবার ফিশপ্লেট খুলে নাশকতা করার ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন উদ্বিগ্ন হয়ে পড়েছে। বিশেষ করে অল্প সময়ে দক্ষতার সঙ্গে এ ফিশপ্লেট খোলার সঙ্গে রেলওয়ের লোকজন জড়িত হয়ে পড়েছে কি না, তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ১৩২ কিলোমিটার দীর্ঘ ভৈরব-ময়মনসিংহ রেলপথে চলমান রাজনৈতিক অস্থিরতার এ সময় আর কোথাও অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। শুধু বাজিতপুরেই দেড় মাসে তিন তিনবার ফিশপ্লেট খুলে ফেলার ঘটনা ঘটেছে। সর্বশেষ ঘটনাটি ঘটে গত বুধবার ভোরে। বাজিতপুরের হালিমপুর এলাকার বগামারায় রেলপথের ফিশপ্লেট খুলে ফেলায় জামালপুরের বাহাদুরাবাদগামী নাসিরাবাদ ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে। এতে ১০ যাত্রী আহত হন। এর আগে ২১ ডিসেম্বর ভাগলপুর ও ২৬ নভেম্বর গাজীরচর এলাকায় ফিশপ্লেট খুলে ফেলা হয়। তবে এ দুটি ঘটনায় কেউ হতাহত হয়নি।
এসব ঘটনায় তিন মামলায় এ পর্যন্ত ১৫ জন গ্রেপ্তার হয়েছে। এদের মধ্যে ভৈরব পৌর ৪ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন মিয়াও আছেন। তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ফিশপ্লেট খোলার জন্য ভৈরব পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম সরকারের কাছ থেকে পাঁচ হাজার টাকা নিয়েছিলেন বলে জানান।
নয়ন মিয়ার এ স্বীকারোক্তি নিয়ে ২৫ ডিসেম্বর প্রথম আলোয় একটি সংবাদও প্রকাশিত হয়। ওই সময় পৌর বিএনপির নেতা নজরুল ইসলাম অবশ্য জানিয়েছিলেন, নিজ দলের লোক হলেও তাঁর সঙ্গে নয়নের বিরোধ ছিল। ধরা পড়ার পর প্রতিশোধ নিতেই নয়ন এ বানোয়াট তথ্য দিয়েছে। তবে এর পর পলাতক থাকায় আর নজরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ফিশপ্লেটগুলো খোলার ক্ষেত্রে যে ধরনের দক্ষতা নজরে এসেছে, তা নিয়ে চিন্তিত হয়ে পড়েছে পুলিশ, প্রশাসন ও রেল কর্তৃপক্ষ। নাম প্রকাশে অনিচ্ছুক কিশোরগঞ্জ পুলিশের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা জানান, প্রতিটি ফিশপ্লেট খোলার ধরন ছিল নিখুঁত। এতে পেশাদারির ছাপ রয়েছে। এ কাজে রেলওয়েতে কর্মরত বা অবসরে যাওয়া কাউকে ব্যবহার করা হচ্ছে কি না, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, প্রতি বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে বাজিতপুর দিয়ে একটি ট্রেন যায়। নাসিরাবাদ ট্রেনটি গত বুধবার ভোর চারটা ১০ মিনিটে দুর্ঘটনার কবলে পড়ে। হিসাব করে দেখা যায়, রাত আড়াইটার পর এবং চারটার আগে ওই স্থানের ফিশপ্লেটগুলো খোলা হয়। কাজটির জন্য সময় পাওয়া গেছে সর্বোচ্চ এক ঘণ্টা। ওই সময়ের মধ্যে লাইনের চার চারটি ফিশপ্লেট এবং ১৬টি নাট-বল্টু খোলা অপেশাদার কারও পক্ষে সম্ভব নয়।
সরেজমিনে দেখা গেছে, প্রতিটি ঘটনাস্থলই নির্জন। চারপাশে বিল আর কৃষিজমি। তা ছাড়া এলাকাবাসী জানান, রেলপথে প্রতি ১০০ গজে পাহারা থাকার কথা থাকলেও অনেক স্থানেই তা নেই। ফলে পথটি অরক্ষিত হয়ে পড়ে।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, তীব্র শীত ও ঘন কুয়াশায় পাহারায় কিছুটা বিঘ্ন ঘটতে পারে। তবে ১০০ গজ পরপর যে পাহারা থাকার কথা, বর্তমানে তা মানার চেষ্টা চলছে।
পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন খান বলেন, ‘একই স্থানে বারবার এভাবে ফিশপ্লেট খুলে ফেলার ঘটনায় আমরা উদ্বিগ্ন। এ কারণে লাগোয়া উপজেলা ভৈরব, কুলিয়ারচর ও কটিয়াদী থানা পুলিশকে সতর্ক করা হয়েছে।’