ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে ২০১৩ সালে নাশকতার ঘটনা নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছেন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বদিউল আলম ও বিদ্রোহী প্রার্থী সফিউল আলম। দুজনই পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে একজন অন্যজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন।
আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী বদিউল আলম গত বৃহস্পতিবার দুপুরে সীতাকুণ্ড উত্তর বাজারে তাঁর নির্বাচনী কার্যালয়ে ও সফিউল আলম গতকাল শুক্রবার বিকেলে তাঁর বাসভবনে সংবাদ সম্মেলন করেন।
বদিউল আলম অভিযোগ করেন, ২০১৩ সালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে ঘটে যাওয়া নাশকতার ঘটনার মদদদাতা ছিলেন বর্তমান মেয়র ও এই নির্বাচনে বিদ্রোহী প্রার্থী সফিউল আলম। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি তখন (২০১৩ সালে) অসুস্থ ছিলাম। তাই চিকিৎসার জন্য দেশের বাইরে গিয়েছিলাম। কিন্তু মেয়র সফিউল আলম দেশে ছিলেন। নাশকতা প্রতিরোধ করতে পারতেন। তা না করে উল্টো মদদ দিয়েছেন।’
বদিউল আলমের অভিযোগের জবাবে সফিউল আলম বলেন, ‘আমি একজন মুক্তিযোদ্ধা। সাবেক সেনা সদস্য। ৭৫-পরবর্তী বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করে হাজতবাস করেছি। আমি কোনোভাবেই নাশকতা মদদ দিতে পারি না। বদিউল আলমের অভিযোগ পুরোপুরি মিথ্যা।’ তিনি বলেন, ‘জিয়াউর রহমান প্রেসিডেন্ট হওয়ার পর বদিউল গ্রাম সরকারপ্রধান হন। পরে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দিয়ে পৌর সভাপতি হন।’