নাশকতার পরিকল্পনা, যুক্তরাজ্যে দোষী সাব্যস্ত ঢাকার রাজীব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যে গ্রেপ্তার হওয়া রাজীব করিম এখন আন্তর্জাতিক গণমাধ্যমে বহুল আলোচিত। চার সপ্তাহব্যাপী শুনানি শেষে গতকাল সোমবার ব্রিটিশ আদালত সন্ত্রাসমূলক চারটি অপরাধে যুক্ত থাকার দায়ে রাজীব করিমকে দোষী সাব্যস্ত করেছেন। এর মধ্যে সবচেয়ে বড় অভিযোগ, রাজীব ২০০৯ সালে যুক্তরাষ্ট্রগামী বিমান উড়িয়ে দেওয়ার প্রস্তুতিমূলক ষড়যন্ত্রে জড়িত ছিলেন। আদালত ১৮ মার্চ তাঁর সাজা ঘোষণা করবেন বলে সিএনএন ও গার্ডিয়ান অনলাইনের খবরে জানা গেছে।প্রথম আলোর অনুসন্ধানে জানা যায়, রাজীব করিমের বাবা একজন মুক্তিযোদ্ধা। সিলেটে বাড়ি হলেও পরিবারটি ঢাকায় স্থায়ীভাবে বসবাস করে। রাজীব ও তেহজীব ছাত্র অবস্থায়ই জঙ্গিবাদে জড়িয়ে পড়েন। তেহজীব ইয়েমেনে গ্রেপ্তার হওয়ার আগে অনেকবার পাকিস্তানে যাতায়াত করেছেন।তেহজীব রিসার্চ সেন্টার ফর ইউনিটি ডেভেলপমেন্টের (আরসিইউডি) প্রধান আবদুর রশিদের ছোট মেয়েকে বিয়ে করেন। রশিদ প্রথম আলোকে বলেন, তেহজীব নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ পাস করেন। তিনি স্বীকার করেন, তেহজীব বিভিন্ন সময় পাকিস্তানে গেছেন। দুবার তাঁকে পাকিস্তান থেকে আনা কুর্তাও উপহার দিয়েছেন। তবে কেন পাকিস্তানে যেতেন, তা জানেন না বলে দাবি করেন রশিদ। তাঁর দাবি, তেহজীবের ইয়েমেনে যাওয়ার বিষয়টিও তিনি প্রথমে জানতেন না। পরে শুনেছেন, উচ্চশিক্ষার জন্য ইয়েমেনের রাজধানী সানায় গেছেন। ২০০৯ সালের নভেম্বর-ডিসেম্বরে যান এবং পরের বছর ফেব্রুয়ারিতে গ্রেপ্তার হন। গত মাসের শুরুর দিকে রেড ক্রিসেন্টের সহায়তায় মুক্তি পান এবং দেশে ফিরে আসেন বলে দাবি করেন তিনি। আবদুর রশিদ দাবি করেন, জামাতার ভাই রাজীবের গ্রেপ্তারের খবর পত্রিকা পড়ে জেনেছেন। তিনি জানান, রাজীব মরমি কবি হাসন রাজার পরিবারে বিয়ে করেছেন। শ্বশুরের পরিবারের সবাই যুক্তরাজ্যের ম্যানচেস্টারে বসবাস করেন। রাজীব সফটওয়্যার ইঞ্জিনিয়ার।ব্রিটেনের প্রভাবশালী দৈনিক গার্ডিয়ান ও ডেইলি মেইলসহ বিদেশি বিভিন্ন সংবাদমাধ্যমে আদালতে রাজীবকে নিয়ে সম্প্রতি বিভিন্ন খবর প্রকাশিত হয়। তাতে বলা হয়, রাজীব করিম ২০০৬ সালে তাঁর স্ত্রী জিজারিন রাজার সঙ্গে যুক্তরাজ্যে যান তাঁদের শিশুসন্তানের চিকিৎসার জন্য। জিজারিন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। বাচ্চা সুস্থ হওয়ার পর ২০০৭ সালের সেপ্টেম্বরে রাজীব নিউক্যাসলে ব্রিটিশ এয়ারওয়েজের ট্রেইনি স্কিমে চাকরি নেন। তিনি গত বছর ফেব্রুয়ারিতে গ্রেপ্তার হন। প্রায় এক বছর তদন্ত শেষে ব্রিটিশ আদালতে প্রসিকিউশনের পক্ষ থেকে উত্থাপিত তথ্যে বলা হয়, রাজীব নিজেকে যুক্তরাজ্যে আল-কায়েদার একজন স্লিপার এজেন্ট (গুপ্ত প্রতিনিধি) হিসেবে প্রতিষ্ঠা করেন। যাতে কেউ সন্দেহ না করে, সে জন্য তিনি খুব সাধারণ ও ভদ্রস্থ জীবন যাপন করতেন। স্থানীয় মুসলিমদের সঙ্গে মেলামেশা করতেন না। ফুটবল খেলতেন, নিয়মিত শরীরচর্চা কেন্দ্রে (জিমে) যেতেন। তিনি এরই মধ্যে ব্রিটিশ পাসপোর্টও পান।ব্রিটিশ আদালতে সরকারি কৌঁসুলির তথ্য অনুযায়ী, ব্রিটিশ পুলিশ রাজীবের কম্পিউটার জব্দ করে। তাতে তাঁর সঙ্গে ভাই তাহজীবের যোগাযোগের প্রমাণ পায়। সেসব পর্যালোচনা করে দেখা যায়, বাংলাদেশে জেএমবির সঙ্গে যুক্ত তেহজীব অপর দুই বাংলাদেশিসহ ২০০৯ সালে ইয়েমেন যান এবং আল-কায়েদার নেতা আনোয়ার আল-আওলাকির সঙ্গে সাক্ষাৎ করেন।ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দুই ভাইয়ের মধ্যে যে ই-মেইল চালাচালি হয়, তাতে ব্রিটেনে আরেকটি সেভেন-সেভেন (২০০৫ সালে ৭ জুলাই লন্ডনের পাতালরেলে বোমা হামলা হয়) শুরু করার কথাও ছিল। ই-মেইলে অন্য দেশে অবস্থান করা ‘বস’ রাজীবকে উপদেশ দেয়, সে যেন ব্রিটিশ এয়ারওয়েজের চাকরি টিকিয়ে রাখে। ব্রিটিশ গোয়েন্দাদের ধারণা, ওই ‘বস’ আল-কায়েদার নেতা আনোয়ার আল-আওলাকি।তেহজীবের কাছে রাজীবের পাঠানো বিভিন্ন ই-মেইল পর্যালোচনা করে বলা হয়, শেষ দিকে রাজীব অস্থির হয়ে ওঠেন। ভাইকে বলেন, তিনি আর যুক্তরাজ্যে থাকতে চান না। অন্য দেশে জিহাদে অংশ নিতে চান। রাজীব এ ব্যাপারে স্ত্রীর সঙ্গেও কথা বলেছেন। তিনি এক ই-মেইলে তেহজীবকে (তখন পাকিস্তানে অবস্থানকারী) লিখেছেন, ‘আমি তাকে (সন্তানসম্ভবা স্ত্রী) বলেছি, সে যদি চায়, আমার সঙ্গে হিজরত করতে পারবে। এতে যদি গর্ভের সন্তান জন্ম দেওয়ার সময় মারা যায় এবং সেও (স্ত্রী) মারা যায়, এটা হবে “কদর আল্লাহ” এবং তারা শহীদের মর্যাদা পাবে।’ (সূত্র: প্রেস অ্যাসোসিয়েশন, ২ ফেব্রুয়ারি ২০১১)।ডেইলি মেইল-এর এক খবরে বলা হয়, রাজীব বিমান ভূপাতিত করতে ব্রিটিশ এয়ারওয়েজের কম্পিউটার সিস্টেম হ্যাক করার পরিকল্পনা করছিলেন। রাজীব ই-মেইলে আল-আওলাকিকে জানান, তিনি হিথরো বিমানবন্দরে এক ব্যাগেজ হ্যান্ডলিং কর্মী ও এক নিরাপত্তাকর্মী—‘দুই মুসলিম ভাইকে’ উদ্বুদ্ধ করেছেন।