নাশকতার পরিকল্পনাকারীদের ধরিয়ে দিন: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন নাশকতা সৃষ্টির পরিকল্পনাকারীদের ধরিয়ে দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। নাশকতায় জড়িত ব্যক্তিদের ধরতে তিনি পুলিশ কর্মকর্তাদেরও নির্দেশ দেন। গতকাল রোববার চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশ দেন।নগর পুলিশ কমিশনারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে নগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবুল কাশেম, চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আসাদুজ্জামান মিয়াসহ জেলা ও নগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বিচার সামনে রেখে নাশকতামূলক কর্মকাণ্ডের অপচেষ্টা চলছে। তাঁদের মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক থাকতে হবে। বৈঠক শেষে তিনি নগরের দামপাড়া পুলিশ লাইনে মহিলা পুলিশ ডরমেটরি পরিদর্শনে যান।পরে স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রাম সার্কিট হাউসে বাংলাদেশ মানবাধিকার কমিশন আয়োজিত এক সেমিনারে অংশ নেন। এ সময় মন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বিচারকাজ বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্রকারীরা নানাভাবে সক্রিয় হয়ে উঠেছে। যুদ্ধাপরাধীদের বিচারে সবার সহযোগিতা চেয়ে তিনি বলেন, ইতিমধ্যে ট্রাইব্যুনাল চারজন যুদ্ধাপরাধীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।‘নারী নির্যাতন, শিশুশ্রম প্রতিরোধ, মানবাধিকার লঙ্ঘনসহ মানবতাবিরোধী কর্মকাণ্ডের প্রতিরোধ’ শীর্ষক সেমিনারে অন্যান্যের মধ্যে সাংসদ চেমন আরা তৈয়ব, নাজমা কাওছার ও জেলা পিপি আবুল হাশেম বক্তৃতা করেন।এর আগে সকালে স্বরাষ্ট্রমন্ত্রী সাতকানিয়ায় বায়তুল ইজ্জত বিডিআর প্রশিক্ষণ কেন্দ্রে ৭৭তম রিক্রুট ব্যাচের শপথ এবং সমাপনী ব্যাচের কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এ সময় বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ায় বাধা দেওয়ার যেকোনো চক্রান্ত ও তৎপরতা কঠোরভাবে দমন করা হবে।এর আগে অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে শ্রেষ্ঠ রিক্রুট হিসেবে মেহেদি হাসানকে এবং চাঁদমারী (ফায়ারিং) শারীরিক উৎকর্ষতাসহ বিভিন্ন ক্ষেত্রে সেরার স্বীকৃতিস্বরূপ আরও চারজনকে পদক দেন স্বরাষ্ট্রমন্ত্রী।