নাশকতার পরিকল্পনার অভিযোগে আটক ২৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৪ জন শিক্ষার্থীকে গতকাল সোমবার জেলহাজতে পাঠিয়েছেন আদালত। গত রোববার রাতে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে পুলিশ তাঁদের আটক করে।

পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া সবাই ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মী। ছাত্রাবাসটির কক্ষে তল্লাশি চালিয়ে পাঁচটি হাতে তৈরি পেট্রলবোমা, আটটি ককটেল ও জিহাদি বই জব্দ করা হয়েছে।

আটক শিক্ষার্থীরা হলেন মাহমুদুল হাসান (২৫), শামীম আহমেদ (২৫), আলামিন কবির (২৪), মো. আহসানুল হক (২২), আবু রায়হান (২৩), উমর ফারুক (২২), হারুন অর রশিদ (২২), মো. আনোয়ার হোসেন (২৪), রাসেল মাহমুদ (২১), ইজাহারুল ইসলাম (২৩), মামুন ইসলাম (১৯), আতাউর রহমান (২১), নুরুল হুদা (২২), ফারুক হোসেন (২২), মনিরুল ইসলাম (২৪), ফরহাদ হোসেন (২১), আজাহারুল ইসলাম (২০), মোস্তাফিজুর রহমান (২২), ছানাউল হক (২০), কেরামত আলী (২৩), সুজন আলী (২২), ফরিদুল ইসলাম (২২), মাহমুদুল হাসান (২০) ও আল আমিন (২৪)। তাঁদের মধ্যে মাহমুদুল হাসান ইসলামী ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি বলে জানিয়েছে পুলিশ।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূঁইয়া বলেন, ওই ছাত্রদের বিশ্ববিদ্যালয়-সংলগ্ন সন্তোষ এলাকায় মুক্তিযোদ্ধা হাফিজুর রহমানের মানহা ম্যানসন ছাত্রাবাস থেকে ধরা হয়। ছাত্রাবাসটিতে বসে শিবিরের নেতৃত্বে নাশকতার পরিকল্পনা করা হচ্ছে, এমন খবর পেয়ে পুলিশের একটি দল রোববার রাত ১০টার দিকে অভিযান চালিয়ে তাঁদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক আইনে মামলা করেছে। গতকাল দুপুরে তাঁদের টাঙ্গাইলের বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়। আদালত তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেন।