নাশকতার প্রতিবাদ সাংস্কৃতিক জোটের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক আন্দোলনের নামে বিএনপি-জামায়াতের দেশব্যাপী অরাজকতা ও নাশকতার প্রতিবাদে কালো পতাকা মিছিল করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। গতকাল শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে এ মিছিল বের হয়।
মিছিল শুরু হওয়ার আগে টিএসসিতে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, হরতাল আর অবরোধের নামে সারা দেশে ককটেল ও পেট্রলবোমা বিস্ফোরণ, অগ্নিসংযোগের মাধ্যমে নিরপরাধ মানুষদের পুড়িয়ে মারা, রেললাইন উপড়ে ফেলাসহ দেশব্যাপী যে অরাজকতা ও নাশকতা চলছে, তাতে জাতি আজ উদ্বিগ্ন। শুধু যুদ্ধাপরাধীদের বাঁচাতেই এ ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে বিরোধী দল। বিএনপিকে সামনে রেখে সারা দেশে জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা প্রতিনিয়ত এ ধরনের বিধ্বংসী হামলা চালিয়ে যাচ্ছে। বক্তারা বলেন, রাজনৈতিক আন্দোলনের নামে যা শুরু হয়েছে, তা শুধু একাত্তরের মানবতাবিরোধীদের রক্ষা করার আন্দোলন। মিছিলে সাধারণ সম্পাদক হাসান আরিফ, সহসভাপতি গোলাম কুদ্দুছ, কবি মুহম্মদ সামাদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, জাসদ নেত্রী শিরিন আক্তার প্রমুখ অংশ নেন।